Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবারই জানা গিয়েছিল শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেই অবস্থার আরও খানিকটা উন্নতি হয়েছে। শনিবার সকালে বেলভিউ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর সব রিপোর্ট সন্তোষজনক। গতকাল রাতে ভাল করে ঘুমিয়েছেন অভিনেতা। কথাবার্তায় সাড়া দিচ্ছেন তিনি। সবাইকে চিনতে পারছেন। মনকে শান্ত রাখতে পছন্দের গান শুনছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর থেকে আর জ্বর আসেনি অভিনেতার। তারপর থেকে ক্রমাগতই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও এখনও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আইটিইউ-তেই রাখা হয়েছে তাঁকে। কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকরা।

গত ১২ দিন ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্রবাবু। হাসপাতালের তরফে জানানো হয়েছিল বৃহস্পতিবার রাতে বাইপ্যাপ সাপোর্ট লেগেছে তাঁর। সঙ্গে রয়েছে ন্যাজাল মাস্ক। মাঝে মাঝে শরীর অক্সিজেনের মাত্রার তারতম্যের জন্য এগুলো প্রয়োজন হচ্ছে। তবে তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল এখন স্বাভাবিক। এছাড়াও শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক রয়েছে। শুক্রবার রোজের নরম্যাল এবং রেগুলার টেস্ট গুলো করা হয়। তাতে সব রিপোর্টই সন্তোষজনক এসেছে বলে জানা গিয়েছে।

গতকালই চিকিৎসকরা জানান, পছন্দের রবীন্দ্রসঙ্গীত এবং নিজের সিনেমার পছন্দের গান শুনেছেন সৌমিত্রবাবু। অন্যদের কথা শুনছেন এবং বুঝতে পারছেন। নিজেও কথা বলা চেষ্টা করেছেন। তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে ভালই ঘুম হয়েছে বর্ষীয়ান অভিনেতার। নতুন করে কোনও শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি।

ইতিমধ্যেই কোভিড চিকিৎসার জন্য দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বর্ষীয়ান অভিনেতার। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলভিউ হাসপাতালের তরফে জানানো হয় যে গত ৩৬ ঘণ্টা ধরে জ্বর আসেনি সৌমিত্রবাবুর। সেই মুহূর্তে তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ছিল ৯৭ শতাংশ। এর পাশাপাশি চিকিৎসকরা এও বলেন যে তাঁর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

হাসপাতালের তরফে আরও জানানো হয়, সৌমিত্রবাবুর মস্তিষ্কে যে স্নায়ুঘটিত সমস্যা ছিল তা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শরীরে ফুসফসের সংক্রমণের জন্য অক্সিজেনের তারতম্য হওয়ায় তাঁকে যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছিল, সেটাও অনেকটাই কমানো হয়েছে। দিনে ৬ ঘণ্টার বেশি লাগছে না। রাতে ভাল ঘুম হচ্ছে অভিনেতার। সৌমিত্রবাবুর অবস্থা ক্রমাগত আরও ভাল হচ্ছে। এই খবরে খুশির হাওয়া সবার মধ্যে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন