সম্পাদকীয়ঃ বিদ্রোহ আজ বিদ্রোহ চারদিকে
deshersamay
এই মূহুর্তে গোটা দেশ জুড়ে যেন বিদ্রোহের আগুন।আবাল বৃদ্ধ বনিতা বিদ্রোহের আগুনে যেন গা সেঁকে নিতে ব্যস্ত হয়ে পড়েছে।সেই বিহ্রোহের আঁচ লেগেছে এই বাংলাতেও,প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে কেন্দ্র করে যে অভূতপূর্ব প্রতিবাদ ধ্বণিত হল গোটা শহর জুড়ে তাতে বলতেই হয় বিদ্রোহী চেতনা যেন বাংলার ঘরে ঘরে আবার ছড়িয়ে পডেছে।নাগরিক সংশোধনী আইন ও সিএএ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদ এক নতুন মাত্রা পেল প্রধানমন্ত্রীর শহরে পা রাখাকে কেন্দ্র করে।শহর জুড়ে প্রতিবাদের পাশাপাশি জেলায় জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।দাবি একটাই কেন্দ্রীয় সরকার নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার করে নিক।ধর্মের ভিত্তিতে নাগরিকতা প্রদানের প্রয়াস এদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার রীতির সঙ্গে মানানসই নয়।প্রধানমন্ত্রী অবশ্য তাঁর ভাষণে তাদের যুক্তি হাজির করেছেন যে নতুন নাগরিক আইন কারোর নাগরিকতাকে কেড়ে নেওয়ার জন্য নয় বরং নাগরিকতা দেওয়ার আইন।বলাইবাহুল্য এই যুক্তি প্রতিবাদীরা শুনতে চান নি।প্রতিবাদী ও বিক্ষোভকারীদের যুক্তি কেন ধর্মের ভিত্তিতে নাগরিকতা নির্ধারিত হবে,কেন মানুষের নিপীড়নকে ধর্ম দিয়ে চিনতে হবে?কেন এদেশের আম জনতাকে তাদের নাগরিকতা প্রমাণ করতে হবে এতদিন পর?যাদের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী বা সাংসদ হলেন বিজেপির নেতারা কোন যুক্তিেতে সেই নির্বাচক জনতাকে তারা নাগরিকতার প্রমাণ দিতে বলেন?বলাই বাহুল্য এ সব প্রশ্নের উত্তর এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নি।বা বলা যায় দিতে পারেন নি বিজেপির নেতারা।তাই বিদ্রোহের আগুন প্রতিদিনই একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশের কোণে কোণে।
