

দেশের সময় : মঙ্গলবার ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে বাগদা কেন্দ্র থেকে। একই সঙ্গে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। নতুন প্রার্থী হলেন ডালিম রায়। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বড় উপহার সন্তোষ পাঠককে। চৌরঙ্গিতে প্রার্থী করল পদ্মশিবির।

প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় অন্যতম বড় চমক শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। ফলে বাগদার ভোট ময়দানে এ বার সম্মুখসমরে বৌদি-ননদ।

এ ছাড়াও মেমারিতে প্রার্থী মানব গুহ, গড়বেতায় প্রদীপ লোধা, বারাবনিতে অরিজিৎ রায়, সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতা দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তর দেবাশিস ধর, হাওড়া দক্ষিণ শ্যামল হাতি, পাঁচলা রঞ্জনকুমার পাল, চণ্ডীপুর পীযূষকান্তি দাস।

অন্যদিকে চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। ২০১৬, ২০২১— দু’বারের ভোটে জিতেছেন নয়না। সেখানে এ বার মোক্ষম চাল বিজেপির। প্রার্থী করা হলো সন্তোষ পাঠককে। লড়াই হবে হাড্ডাহাড্ডি, বলছেন এলাকার লোকজনই।






