

ক্যালেন্ডারের পাতা বলছে ডিসেম্বর। লেপ-কম্বল-গরম জামা সব কিছু ট্রাঙ্ক থেকে আগেই বার করে নিয়েছেন রাজ্যবাসী। কারণ মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ইনিংস খেলছে শীত। চলতি সপ্তাহেও সেই ইনিংসে ছেদ পড়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ থেকে উত্তর, শহর থেকে জেলা সর্বত্রই জাঁকিয়ে বসেছে শীত। শহর কলকাতাতেও তাপমাত্রার পারদও ঘোরাফেরা করছে স্বাভাবিকের চেয়ে নীচে।

শহর থেকে জেলা, সর্বত্রই হু হু করে নামছে পারদ। বাংলাজুড়ে জমে গিয়েছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কমবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনও আশঙ্কা এখন নেই। যার জেরে বঙ্গে অবাধেই ঢুকছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ।

ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য এ মুহূর্তে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সবরকম অনুকূল পরিবেশই রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও সিস্টেম সক্রিয় নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত চলবে শুষ্ক আবহাওয়া, রাজ্যে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তাই আগামী কয়েক দিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট। সর্বত্রই তাপমাত্রার পতন দেখা যাচ্ছে।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ১০–১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রির কাছাকাছি।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও সকালের দিকে ঘন কুয়াশার দাপটও দেখা যাচ্ছে।
পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের তাণ্ডব। পাহাড়জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে।
পর্যটনের ভরা মরশুমে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়। আগামী সাত দিনে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা থাকলেও বড় কোনও পরিবর্তন হবে না।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জায়গাতেই ভরপুর শীত অনুভূত হবে।

দার্জিলিঙে ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে, এবং দিন কয়েকের মধ্যেই আরও নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শীত আরও জোরালো হবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১৫ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং তাতে বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াসহ গোটা দক্ষিণবঙ্গেই ঘন কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার ৯ ডিসেম্বর কলকাতায় আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, সকালের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। রাতের দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।



