কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল যোগ দিয়েছেন বিজেপিতে , কী বললেন সহযোদ্ধা মৌসুমি ?

0
80

মনে পড়ে , ২০১৩ সাল। উত্তর ২৪ পরগনার কামদুনির এক কলেজ ছাত্রীকে অপহরণ করে দুষ্কৃতীরা। তার পরে গণধর্ষণ কর নৃশংস ভাবে খুন করা হয় তাঁকে। একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ।

সেই কামদুনি নামের সঙ্গে দু’টি মুখ ভেসে ওঠে। টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল । একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। রাস্তায় পড়ে থেকেছেন। গর্জে উঠেছেন প্রতিবাদে। রবিবার বিকেলে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে সেই টুম্পা কয়াল যোগ দিয়েছেন বিজেপিতে।

কামদুনির সেই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় পথে নামেন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ। এই আন্দোলনের পুরোভাগে ছিলেন এক গৃহবধূ। তিনি মৌসুমী কয়াল। সেই সময় তিনি দাবি তোলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কামদুনিতে আসতে হবে। ১৩ দিন পথই ছিল তাঁর ঘরবাড়ি। তখন থেকেই মৌসুমীর হাত ধরেন টুম্পা।

এ দিন টুম্পার বিজেপিতে যোগদান নিয়ে , মৌসুমী ফোনে জানান, রাজনীতিতে আসার কথা ভাবছেন না তিনি। ‘আগে কামদুনির বিচার চাই। সুপ্রিম কোর্টে মামলা চলছে। খুব শীঘ্রই শুনানির দিন পড়বে। আমরা দিল্লি যাব। এখন মাথায় শুধু এটাই ঘুরছে।’‘টুম্পাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ওর ভালো হোক।’

তাঁর রাজনীতিতে আসা না আসা নির্ভর করছে সহ-আন্দোলনকারীদের উপরে। মৌসুমীর কথায়, ‘টুম্পা যোগ দিয়েছেন, সেটা তাঁর ব্যক্তিগত। কিন্তু আমি এ ভাবে রাজনীতিতে আসতে পারব না। আমরা যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, তাঁরা যদি অনুমতি দেন, তখন ভেবে দেখব।’ টুম্পার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। ফোনে কথাও হয় মাঝে মধ্যে।

মৌসুমী গৃহবধূ। এখন বাড়িতেই থাকেন। তবে অন্যায় দেখলে গর্জে ওঠেন। আরজি কর আন্দোলন, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধেও পথে নেমেছিলেন তিনি। মৌসুমীর কথায়, ‘অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই। তবে রাজনীতিকে সচেতন ভাবেই এড়িয়ে চলি। কেউ আমন্ত্রণ জানালে যাই। কিন্তু বলে রাখি, কোনও রাজনৈতিক দলের ঝান্ডা রাখবেন না।’

কয়েক দিন আগে এলাকার একটি মন্দির উদ্বোধনে গিয়েছিলেন। রামনবমীও পালন করেছেন ধুমধাম করে। টুম্পার কথায়, ‘আমি হিন্দু বাড়ির মেয়ে। হিন্দু বাড়ির বধূ। এতে অন্য কিছু খোঁজা অর্থহীন।’ তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গেল তাঁর গলায়, ‘কামদুনির নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য তিনি আমাদের পাশে রয়েছেন। সব রকম ভাবে সাহায্য করছেন।’

কামদুনি আন্দোলনের অন্যতম মুখগুলি এক এক করে রাজনীতিতে পা রাখছেন। টুম্পা বিজেপিতে যোগ দিয়েছেন, মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় সিপিএমে, ভাস্কর মণ্ডলও বিজেপিতে যোগ দিয়েছেন। একা পড়ে রয়েছেন মৌসুমী। কিছুটা অভিমানের সুরেই বললেন, ‘সবাই তো ছেড়ে চলে গিয়েছে। এখন আমিই একা।’ আন্দোলনের ময়দানে একাকী যোদ্ধা মৌসুমীর লড়াইটা কি ক্রমশ শক্ত হচ্ছে?

Previous article‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে স্তব্ধ টলিউড! ঠিক কী ঘটেছিল শুটিং -এর সময়
Next article‘ইয়ার এন্ডিং’-এর চাপের মধ্যেই বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত, ব্যাপক ভোগান্তিতে যাত্রীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here