

কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার সংসদ চত্বরে প্রধানমন্ত্রী হঠাৎ নিজের গাড়ি থামিয়ে দেন। তার পরে গাড়ি থেকে নেমে কথা বলেন বিরোধী দলনেতার সঙ্গে। এ দিন দুই নেতাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। তাঁদের এই আলাপচারিতা বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ দিন মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সংসদে এসেছিলেন প্রধানমন্ত্রী। তিনি মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই সমাজ সংস্কারককে সম্মান জানান। এ ছাড়াও, এ দিন দেশের সেবায় জ্যোতিবা ফুলের কর্মকাণ্ডকে স্মরণ করার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান সংসদে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এ ছাড়াও এ দিন সংসদে ছিলেন রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ আরও অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। দলমত নির্বিশেষে সকলেই এ দিন জ্যোতিবা ফুলের আদর্শকে সম্মান জানান।

রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর হঠাৎ সৌজন্য সাক্ষাৎ নিয়ে চর্চা তুঙ্গে। দুই নেতার মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি। তবে তাঁদের এই সাক্ষাৎকারে বেশ নজর কেড়েছে সংসদে উপস্থিত সকলের।

https://x.com/i/status/2042801671760482326




