সহ্যের বাঁধ ভাঙছে? বাংলাদেশে হিন্দু হত্যায় কড়া বার্তা , দোষীদের শাস্তির দাবি নয়াদিল্লির

0
328

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত । সম্প্রতি বাংলাদেশের দুই জেলায় দুই হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশমন্ত্রক । নয়াদিল্লির অভিযোগ, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে।

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল  বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবিরাম বৈরিতা গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিক হিন্দু যুবক হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এই অপরাধের সঙ্গে যুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।” একই সঙ্গে তিনি জানান, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বাংলাদেশ যে ‘ভুল ব্যাখ্যা’ তুলে ধরছে, ভারত তা আগেও খারিজ করেছে। বাংলাদেশে হিন্দুদের উপরে হিংসার ঘটনাগুলিকে ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সময়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপরে মৌলবাদী গোষ্ঠীগুলির হামলাকে ‘উদ্বেগজনক’ ও ‘অবিরাম শত্রুতা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা করেছে ভারত সরকার।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু যুবককে হত্যার তীব্র নিন্দা জানাই এবং আশা করি এই অপরাধের দোষীদের বিচারের আওতায় আনা হবে।’

বিদেশমন্ত্রকের দাবি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর প্রায় ২,৯০০টি হিংসার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতেই সম্প্রতি ঘটে যাওয়া দু’টি ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলায়। বুধবার গভীর রাতে ৩০ বছরের হিন্দু যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের দাবি, সম্রাট স্থানীয় এক কুখ্যাত অপরাধী ছিলেন এবং তোলা আদায়ের অভিযোগে এলাকায় গিয়েছিলেন। গ্রামবাসীরা তাঁকে ধরে মারধর করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং তিনি ‘সম্রাট বাহিনী’ নামে একটি গোষ্ঠীর নেতা ছিলেন।

গ্রামবাসীদের অভিযোগ, ওই রাতে সম্রাট ও তাঁর সঙ্গীরা শাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে তোলা আদায় করতে গেলে পরিবারটি চিৎকার শুরু করে। ‘ডাকাত এসেছে’— এমন আওয়াজে স্থানীয় মানুষ জড়ো হয়ে সম্রাটকে মারধর করে।

এর ঠিক কয়েক দিন আগেই ময়মনসিংহ জেলায় আর এক হিন্দু যুবক দীপুচন্দ্র দাস (২৭) গণপিটুনির শিকার হন। পোশাক কারখানার ওই কর্মীকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তাঁকে গাছে বেঁধে আগুন লাগানো হয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন মহম্মদ ইউনুস, তিনি নিন্দা জানিয়ে বলেছেন, ‘নতুন বাংলাদেশে’ সাম্প্রদায়িক বিদ্বেষ বা গণহিংসার কোনও জায়গা নেই। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক কর্মী ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে অশান্তির আবহ। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর এবং রাজনৈতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাও সামনে এসেছে।

এই আবহে বিএনপি নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার দেশে ফেরা নিয়েও মুখ খুলেছে ভারত। বিদেশমন্ত্রকের বক্তব্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া জরুরি। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই প্রেক্ষিতেই দেখা উচিত। রণধীর জয়সওয়াল জানান, ভারতের নজর রয়েছে বাংলাদেশের পরিস্থিতির উপর।

প্রায় ২০ বছর স্বেচ্ছা নির্বাসনের পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন তারেক। ফেব্রুয়ারির নির্বাচনের আগে তাঁর প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে জামাত-ই-ইসলামির রাজনীতিতে ফেরার বিষয় এবং অন্তর্বর্তী সরকারের আমলে বাড়তে থাকা ভারত-বিরোধী সুর নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি।

ভারতের এ দিনের কড়া বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুতে অবস্থান আরও কঠোর করছে নয়াদিল্লি। এর পরে মৌলবাদী গোষ্ঠীগুলির দৌরাত্ম্য বন্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঢাকার উপরে কি চাপ আরও বাড়াবে ভারত, সেটাই এখন দেখার।

Previous articleশীতের বড় ইনিংস বাংলায় ,উইন্টার ফেস্টিভে শুক্রই মরশুমের শীতলতম দিন , ঠান্ডার বিচারে ‘ফার্স্ট বয়’ কোন জেলা
Next articleElection Commission:   মতুয়াদের জন্য বড় খবর! আজ শনিবার শুরু হচ্ছে ভোটার-শুনানি পর্ব! গ্রাহ্য হবে CAA সার্টিফিকেট , কী কী নথি লাগবে, কী ভাবে হবে যাচাই জানাল নির্বাচন কমিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here