

২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি । মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওডিশা এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গ থেকে বর্ষীয়ান নেতা রাহুল সিনহার নাম ঘোষণা।

বাংলা থেকে পাঁচটি আসনের মেয়াদ ফুরোচ্ছে। এর মধ্যে চারটি তৃণমূলের, একটি সিপিএমের। যে হেতু বিধানসভায় সিপিএমের বিধায়ক সংখ্যা শূন্য, তাই তারা আর প্রার্থী দিতে পারবে না। অন্যদিকে বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা যে হেতু ৪৫-এর বেশি (রাজ্যসভায় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে একজন প্রার্থী পিছু সেই রাজনৈতিক দলের ন্যূনতম ৪৫ জন বিধায়ক থাকতে হয়), তাই তারা প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রার্থী হিসেবে রাহুল সিনহাকে মনোনীত করার কথা মঙ্গলবারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলো।

রাজ্যভিত্তিক প্রার্থী তালিকা একনজরে
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদন অনুযায়ী রাজ্য ভিত্তিক প্রার্থীরা হলেন-

পশ্চিমবঙ্গ: এ রাজ্য থেকে বিজেপির একমাত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহার।
বিহার: বিহার থেকে দুই প্রার্থীকে বেছে নিয়েছে বিজেপি। তাঁরা হলেন শ্রী নীতিন নবীন এবং শ্রী শিবেশ কুমার।
অসম: অসম থেকে লড়াই করছেন শ্রী তেরাশ গোয়ালা এবং শ্রী যোগেন মোহন।
ওড়িশা: এই রাজ্য থেকে টিকিট পেয়েছেন ওড়িশা বিজেপির প্রাক্তন সভাপতি শ্রী মনমোহন সামল এবং শ্রী সুজিত কুমার।
ছত্তিশগড়: ছত্তিশগড় থেকে দলের বাজি শ্রীমতী লক্ষ্মী বর্মা।
হরিয়ানা: হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে শ্রী সঞ্জয় ভাটিয়াকে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানো বিজেপির একটি বড় কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাহুল সিনহা দীর্ঘকাল ধরে বাংলায় দলের সাংগঠনিক কাজে যুক্ত এবং তাঁর এই মনোনয়ন কর্মীদের মনোবল বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যসভার মোট পাঁচটি আসন খালি হয়েছিল যেখানে নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যেই তৃণমূল তাদের চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিধানসভায় বিজেপির যে শক্তি তাতে তারা একজনকেই জেতাতে পারবে।
তৃণমূলের তরফে প্রকাশিত তালিকায় চমক হিসেবে উঠে এসেছে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম। রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় , পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার , বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক-কে।
তৃণমূলের এই নতুন তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আইন এবং বিনোদন জগতের সমন্বয় ঘটানো হয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন।

অন্যদিকে, প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আইনি লড়াইয়ে দলের অবস্থান পোক্ত করতে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীর নামও তালিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



