শান্তনু ঠাকুরকে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে, সঙ্ঘ নেতার গ্রেপ্তারি চেয়ে বুধে পথে নামেন মতুয়ারা, মিথ্যে অভিযোগ দাবি করে বিএমএস টোটো চালকদের মিছিল বনগাঁয়
deshersamay


দেশের সময় , বনগাঁ: শান্তনু ঠাকুরকে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে বুধবার সঙ্ঘ নেতার গ্রেপ্তারি চেয়ে পথে নামেন মতুয়ারা এরপরই বৃহস্পতিবার সকালে বিএমএস টোটো চালকেরা বনগাঁর নীলদর্পণের সামনে উপস্থিত হয়ে শহরে প্রতিবাদ মিছিল করেন। রাজীব গোস্বামীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে এই মিছিল বলে জানান বিএমএস নেতা সসাংগঠনিক সম্পাদক রাজর্ষি বিশ্বাস।

প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের প্রতিবাদে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার বনগাঁর পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মতুয়া পাগল, গোঁসাইরা অবস্থান বিক্ষোভ দেখান ।

অন্যদিকে বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে বুধবারই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে পুলিশ সুপারকে। এর মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হওয়ার হুশিয়ারিও দিয়েছেন শান্তনুর ঘনিষ্ঠ মতুয়ারা। বিক্ষোভের পর মতুয়াদের প্রতিনিধি দল পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তের কাছে ডেপুটেশন জমা দেয়।

কিছুদিন আগে পেট্রাপোল বন্দরে পণ্য খালাস ইস্যুতে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সঙ্ঘের নেতা রাজীব গোস্বামী সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। অভিযোগ, এর পরেও সোশ্যাল মিডিয়ায় শান্তনুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। এই নিয়ে সংগঠনের পক্ষ থেকে পেট্রাপোল থানা, বনগাঁর পুলিশ সুপার সহ রাজ্যের বিভিন্ন থানায় রাজীব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

কয়েকদিন আগে দলের অন্দরে বিভাজন তৈরি নিয়ে বনগাঁ পুলিশকেই কাঠগড়ায় তুলেছিলেন শান্তনু। পাশাপাশি পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের নেতৃত্ব।

বৃহস্পতিবার সকালে বিএমএস টোটো চালকেরা নীলদর্পণের সামনে উপস্থিত হয়ে শহরে প্রতিবাদ মিছিল করেন। রাজীব গোস্বামীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে এই মিছিল করেন বলে জানান বিএমএস নেতা সসাংগঠনিক সম্পাদক রাজর্ষি বিশ্বাস।
তবে এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি রাজীব গোস্বামী ।
