আওয়ামী দাপটে ত্রস্ত বাংলাদেশ, ব্যাকফুটে বিএনপি,শেখ হাসিনাকে নিরাপদে দেশে ফেরাতে তারেক সরকারকে আইনি নোটিস বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীর
deshersamay

শেখ হাসিনাকে দেশে ফেরানোর যাবতীয় উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ মাহমুদুল হাসান মামুন। নোটিসে তিনি কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। জনস্বার্থে তিনি এই পদক্ষেপ করেছেন বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।

তাৎপর্যপূর্ণ হল, বাংলাদেশে তারেক রহমান সরকার শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় দেশে ফেরানোর কথা বলে আসছে এই আইনজীবীর বক্তব্য তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সরকারের বক্তব্য সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজা প্রাপ্ত আসামি হিসাবে ভারত সরকার ফেরত পাঠালে তবেই তাকে গ্রহণ করা হবে।
অন্যদিকে,মঙ্গলবার রাতে গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়ি এবং অদূরে টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়া, ফরিদপুরে প্রকাশ্য রাস্তায় বিএনপি’র কৃষক সংগঠনের নেতাকে কুপিয়ে হত্যা, ঢাকায় সংস্কৃতি মন্ত্রী আইনজীবী নিতাই রায় চৌধুরীর আবাসন লক্ষ্য করে ককটেল বোমা ছোঁড়া ইত্যাদি ছিল বাংলাদেশে অশান্তির সামান্য কয়েকটি সামান্য কয়েকটি ঘটনা মাত্র।
বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দল ও অন্যান্য সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি অফিস, বিএনপি’র কার্যালয়, শাসকদলের নেতার বাড়ি-অফিসে হামলাসহ কয়েকশো ঘটনায় শক্তি জানান দিয়েছে আওয়ামী লিগ। প্রায় দেড় বছরের কাছাকাছি কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির গলি থেকে রাজপথে এমন দাপটে বিস্মিত সাধারণ মানুষ, চিন্তিত শাসক দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি। বুধবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে আগুন দেওয়া হয়। একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারীর পোড়া দেহ উদ্ধার হয়।
দেশে চলমান অস্থির পরিস্থিতি মোকাবিলায় তারেক রহমানের সরকার বিভ্রান্ত, দিশাহীন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত। পাশাপাশি দুই বিরোধী দল এক সুরে অভিযোগ তুলেছে সরকার পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। তারা দেশবাসীকে নিরাপত্তা দিতে পারছে না। জাতীয় সংসদে বিরোধী দলনেতা তথা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুললে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অশান্তির ঘটনাগুলির ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যদিও শাসকদলের একাধিক সূত্র জানাচ্ছে, বিএনপি’র অন্দরে দল ও প্রশাসন প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। শাসকদলের একাংশ মনে করছে, রাজধানী ঢাকা সহ জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত প্রশাসনের একাংশ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মুখ চেয়ে আছে। আওয়ামী লিগকে মোকাবিলায় এই অংশ সক্রিয় নয় বলে বিএনপি’র শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনের পদস্থ কর্তারা মনে করছেন।
গত সপ্তাহে মন্ত্রী পরিষদ তথা ক্যাবিনেট সচিব নাসিমুল গণি আচমকাই বিভিন্ন মন্ত্রকের সচিব এবং অধিকর্তাদের ডেকে এই ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন যাঁরা ডিসেম্বরের কথা ভেবে হাত গুটিয়ে আছেন সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে তাঁদের দিকে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার মাস আগে ঘোষণা করেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। ক্যাবিনেট সচিবের অভিযোগ, পদস্থ অফিসারেরা অনেকেই জল মাপছেন। হাসিনা ফিরলে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখে নিতে চাইছেন আমলাদের একাংশ, এমনটাই ইঙ্গিত করেন ক্যাবিনেট সচিব।
হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় বাংলাদেশ সরকার কতটা উদ্বিগ্ন, চিন্তিত তা বোঝা গিয়েছে প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমানের কথায়। কোনওরকম রাখ ঢাক না করে মঙ্গলবার তিনি বলেছেন, প্রশাসনের অভ্যন্তরে আওয়ামী লিগের লোকজনেরা আছেন। তাদের দিকে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার বর্ষপূর্তি। গত বছর ওই দিনে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
এবছর আওয়ামী লিগ সরকারিভাবে দিনটি কালো দিবস হিসাবে পালনের ঘোষণা দিয়েছিল। আর সেই ঘোষণার জেরে মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত বাংলাদেশ ছিল শেখ হাসিনার দলের দাপটে ত্রস্ত।
আওয়ামী লিগ সরকারিভাবে স্বীকার না করলেও দেশব্যাপী ককটেল বোমা বিস্ফোরণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির কাজ বলে পুলিশ প্রশাসন এবং বিএনপি’র অভিযোগ। গত দিন সাত ধরে ধারাবাহিকভাবে বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
সরকারি-বেসরকারি বাস এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লিগ নেতারা অবশ্য মানছেন এই সব হিংসাত্মক ঘটনা তাদেরই কর্মী সমর্থকদের কাজ। ওই নেতার বক্তব্য নিষিদ্ধ ঘোষণার পরেও আওয়ামী লিগ যে সাংগঠনিক এবং মানসিকভাবে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে, ককটেল বিস্ফোরণ এবং অগ্নি সংযোগের ঘটনায় তা স্পষ্ট। ঝুঁকি নিয়েই কর্মী-সমর্থকেরা বিএনপি-জামাত-এনসিপি ও পুলিশ প্রশাসনের মোকাবিলায় নেমেছে।

মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি বাসে আগুন দেওয়া হয়। ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার রাতেই চট্টগ্রামের খাতুনগঞ্জে আওয়ামী লিগ ও ছাত্রলিগের মিছিলে অংশগ্রহণকারীদের কয়েকজন স্থানীয় এক বিএনপি নেতা তথা ব্যবসায়ীর পারিবারিক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতা তানজিল ইসলাম এবং অনিক দত্তকে গ্রেফতার করে।
মঙ্গলবার পাল্টা আক্রমণ চালানো হয় শেখ হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে। বিএনপি সমর্থকেরা সাবেক মন্ত্রীর একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঢাকায় আওয়ামী লিগ নেতা মির্জা আহমেদের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে কলাবাগান এলাকা থেকে আটক করে বিএনপি’র ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের দলবল। ওই নেতাকে শারীরিক নিপীড়নের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালেই গ্রেফতার করা হয় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র মহম্মদ সাঈদ খোকনকে। রাতে তাঁর এক আইনজীবী বিএনপি’র ছাত্রদল ও যুবদলের মব সন্ত্রাসের শিকার হন। তাঁকে প্রকাশ্য রাস্তায় ধরে নির্বিচারে মারধর করা হয়। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর সহকারীরা শত চেষ্টা করেও বিএনপি’র মব সন্ত্রাসের হাত থেকে শামীম হোসেন সোহান নামে ওই আইনজীবীকে রক্ষা করতে পারেনি। তাকে এমনকি হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়। যুবদলের নেতারা ফতোয়া জারি করেন ওই আইনজীবীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। চিকিৎসার প্রয়োজন হলে জেলের হাসপাতালে হবে।
তবে বিএনপি’র হামলার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের গলি থেকে রাজপথে আওয়ামী লিগের দাপট দৃশ্যমান যা মঙ্গলবার প্রকট হয়। গোপালগঞ্জের রবিবারের ঘটনা গোটা বাংলাদেশ আওয়ামী লিগকে মানসিকভাবে আরও বেশি শক্তি জুগিয়েছে বলে মনে করছে দল। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান হিসেবে বিশেষ পরিচিত গোপালগঞ্জে রবিবার আওয়ামী লিগ সদর শহরে লক্ষাধিক মানুষের মিছিল ও জমায়েত করে। আওয়ামী লিগ সমর্থকদের আগ্রাসী মেজাজ বুঝে রাস্তার ব্যারিকেড সরিয়ে দিয়ে ব্যারাকে ফিরে যায় পুলিশ ও বিজিবি।
ওই ঘটনায় চরম অস্বস্তির মুখে তারেক রহমানের সরকার কয়েক ঘন্টার নোটিসে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অন্যত্র বদলি করে। তবে এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি বরং গোপালগঞ্জ আওয়ামী লিগের একপ্রকার মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
মঙ্গলবার রাতে গোপালগঞ্জ (৩) সংসদীয় এলাকার বিএনপি সাংসদদের বাড়িতে আগুন দেয় আওয়ামী লিগের কর্মী সমর্থকরা। সাংসদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত টুঙ্গিপাড়া থানায় আগেই আগুন দেয় আওয়ামী লিগ। বুধবার সকালেও থানায় আগুন জ্বলছিল বলে খবর। মঙ্গলবার রাতে হামলার আগেই পুলিশকর্মীরা গা ঢাকা দেন। তবে আওয়ামী লিগ ও ছাত্রলিগের নেতারা সেখানে ঘোষণা করেন কোনও অবস্থাতেই পুলিশকে আক্রমণ করা যাবে না।
ওই রাতে বাংলাদেশের অন্যত্রও দাপট ছিল নিষিদ্ধ ঘোষিত দলটির। নেত্রকোনায় একটি রেল স্টেশনে আগুন দেয় আওয়ামী লিগ ও ছাত্রলিগ। আগুন দেওয়া হয় নাটোরের কালিকাপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায়। শাহজাহানপুরের ১১ নম্বর ওয়ার্ডে বিএনপি’র কার্যালয়ে আগুন দেওয়া হয়। হামলা চালানো হয় র্যাবের ক্যাম্পে। রাত একটা নাগাদ ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। চট্টগ্রামে ক্যান্টনমেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন দেয় একদল জনতা। ওই শহরেই মুরাদপুরে পুলিশের ট্রাফিক স্ট্যান্ডে আগুন দেওয়া হয়।
ঢাকায় রমনা থানার এক পদস্থ পুলিশ কর্তার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে বেশি রাতে। কাছাকাছি সময়ে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের বিভাগীয় হেড অফিসে আগুন দেয় জনতা। মিরপুরে পল্লবী সিরামিকের গেটে বাসে আগুন দেওয়া হয়। বিস্ফোরণ ঘটে রামপুরায় টিভি সেন্টারে সামনে।
টাঙ্গাইলে বিএনপি’র যুব সংগঠন যুবদলের তিন নেতাকে মারধর করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, সন্ত্রাসের অভিযোগ ছিল। নেত্রকোনায় একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আগুন দেওয়া হয়। ককটেল বোমা বিস্ফোরণ ঘটানো হয় ঢাকার খিলগাঁও পুলিশ ফাঁড়িতে।

এদিকে, ঢাকায় বিএনপি ঘনিষ্ঠ সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ এক সমাবেশ থেকে চলমান হিংসার নিন্দার পাশাপাশি নাম না করে আওয়ামী লিগের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ করার আর্জি জানায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ‘অপরাজেয় বাংলাদেশ’ স্ট্যাচু সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে চলমান হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর যাবতীয় উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ মাহমুদুল হাসান মামুন। নোটিসে তিনি কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। জনস্বার্থে তিনি এই পদক্ষেপ করেছেন বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।
তাৎপর্যপূর্ণ হল, বাংলাদেশে তারেক রহমান সরকার শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় দেশে ফেরানোর কথা বলে আসছে এই আইনজীবীর বক্তব্য তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সরকারের বক্তব্য সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজা প্রাপ্ত আসামি হিসাবে ভারত সরকার ফেরত পাঠালে তবেই তাকে গ্রহণ করা হবে।
অন্যদিকে আইনজীবীর বক্তব্য, শেখ হাসিনাকে প্রথমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রবেশের অনুমতি দেওয়া হোক। এরপর বাংলাদেশ পুলিশ গিয়ে তাঁকে সেখান থেকে গ্রেফতার করে দেশে নিয়ে আসুক।
জনস্বার্থের প্রসঙ্গে তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত কর এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়াতে এবং সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা উল্লেখ করেছেন।
নোটিসের কপি পাঠানো হয়েছে বাংলাদেশের ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিসটি পাঠিয়েছেন তিনি।
ওই আইনজীবী বলেছেন, তার এই পদক্ষেপের সঙ্গে কোনও রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে নোটিস পাঠিয়েছেন।
নোটিসে একাধিকবার তিনি শেখ হাসিনার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন। এমনকী প্রস্তাব দিয়েছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈত্রিক বাসভবনকে সাবজেল ঘোষণা করে সেখানে তাঁকে রাখা হোক। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁর মামলাগুলির শুনানির ব্যবস্থা করার কথাও আইনি নোটিসে বলা হয়েছে।
নোটিসে ভিয়েনা চুক্তির উল্লেখ করে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করা মাত্র তিনি দেশের হেফাজতে চলে আসবেন। এরপর তাকে কোন বাণিজ্যিক কিংবা চার্টার ফ্লাইটে উপযুক্ত পুলিশি নিরাপত্তা সহকারে দেশে ফিরিয়ে আনা হোক।

ওই আইনজীবী বলেছেন শেখ হাসিনার ন্যায়বিচার এবং নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন দেশের স্বার্থেই। তাঁর বক্তব্য আওয়ামী লিগ নেত্রী দীর্ঘ ১৫ বছর টানা প্রধানমন্ত্রী ছিলেন। ফলে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সব তাঁর নখদর্পণে। তাঁকে দেশে ফিরতে না দিলে গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থেকে যায়। একই কারণে ভারতের সঙ্গে সংঘাতের রাস্তা তৈরি হবে বলেও ওই আইনজীবী আশঙ্কা প্রকাশ করেছেন।
