Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

PM Modi: আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ! কী বার্তা দেবেন মোদী?

deshersamay

Share article:

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সোমবার রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহ বাড়ে। বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান। যোগ্য জবাব দেয় ভারত। শনিবার পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে কথা বলেন। তারপরই উভয়পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। যদিও সংঘর্ষবিরতির কয়েকঘণ্টা পর সীমান্তে ফের বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এই আবহে সোমবার রাত আটটায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী।

সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা জানিয়েছিলেন। এর পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌স (ডিজিএমও)-এর মধ্যে কথা হয়েছে। তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। আবার সোমবার বেলা ১২টায় দুই দেশের মধ্যে কথা হবে।

কিন্তু সোমবার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিফ আবদুল্লা হটলাইনে কথা বলেন। প্রসঙ্গত, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম প্রকাশ্যে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী মোদী।

গত ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ১৫ দিন পরে গত ৬ মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিডেরা ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দাবি, শতাধিক জঙ্গি নিহত হয় ওই অভিযানে। তার পরে এলওসি ও আন্তর্জাতিক সীমান্তে সংঘাতর পরিস্থিতি তৈরি হয়।

২২ এপ্রিল জঙ্গি হামলার পর লাগাতার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। হামলায় জড়িত ও সাহায্যকারীরা ছাড়া পাবে না বলে হুঁশিয়ারি দেন। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপও করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারত অবশ্য জানিয়ে দিয়ে, শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামো কিংবা পাকিস্তানের সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি।

তারপরও ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে। সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলার চেষ্টা করে। মিসাইল ছোড়ে। ড্রোন হামলা চালায়। ভারত প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। ভারতীয় সেনা স্পষ্ট করে দিয়েছে, ভারত শুধুমাত্র হামলার জবাব দিয়েছে। পহেলগাঁওয়ে হামলা শুরু করেছিল পাকিস্তান। দুই দেশের উত্তেজনা বাড়ার পর পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে শনিবার কথা বলেন। সংঘর্ষবিরতিতে উভয়পক্ষ সম্মত হয়।

গত কয়েকদিনের সংঘাতের এই আবহে নাগাড়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এইসময় তাঁর পূর্ব নির্ধারিত বিদেশ সফরও বাতিল করেছেন। এদিন তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। নিজের বক্তব্য প্রধানমন্ত্রী কী বলবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement
Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন