খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ বনগাঁর শ্রমিক নেতাকে থানায় তলব, কোন্দল প্রকাশ্যে
deshersamay

মতুয়া নেতা শান্তনু ঠাকুরকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের ইস্যুতে বেশ কিছুদিন ধরেই বিজেপি এবং ভারতীয় মজদুর সঙ্ঘের মধ্যে চাপানউতোর চলছিল। বিএমএস নেতা রাজীব গোস্বামীর বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তায় সুর চড়িয়ে ছিলেন খোদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এর পরেই শুক্রবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ রাজীবকে তলব করলে তিনি থানায় হাজির হন।

পেট্রাপোল বন্দরে কর্মরত অধিকাংশ শ্রমিকই এখন ভারতীয় মজদুর সঙ্ঘের নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। সিপিএম ও তৃণমূল থাকলেও তাদের শক্তি ক্ষীণ। অভিযোগ, পণ্য খালাসের ভাগবাটোয়ারা ও বিএমএসের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ তৈরি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার।

দুই মন্ত্রী আলাদা আলাদা ভাবে কাজের ভাগ করেছিলেন বলে সূত্রের দাবি। পণ্য খালাসের কাজের ভাগ নিয়ে শান্তনুর বিরুদ্ধে শ্রমিক সংগঠনে মধ্যে বিভাজন করার অভিযোগ তুলে প্রকাশ্যে সুর চড়ান খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিএমএস নেতা রাজীব। সোশ্যাল মিডিয়ায় শান্তনু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বনগাঁ পুলিশ জেলার একাধিক থানায় রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ না করায় দু’দিন আগেই পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান শান্তনু ঘনিষ্ঠ মতুয়ারা। পাল্টা বৃহস্পতিবার চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শ্রমিকরা।

এ দিন পুলিশি জিজ্ঞাসাবাদের পরে থানার বাইরে এসে রাজীব বলেন, ‘পোস্টের বিষয়টি নিয়ে আমাকে ডাকা হয়েছিল। আইনকে সম্মান করে পুলিশ প্রশাসনের সঙ্গে সব রকমের সহযোগিতা করেছি।’

