Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Kolkata International Book Fair 2025: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় মেহনতীর স্টলে দুই মলাটে সুস্থ জীবনের দিশা, মিলছে বাগানিদের গাইড বুক

deshersamay

Share article:

দেশের সময়: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নবীন প্রবীণ বহু লেখকের নতুন পুরনো লাখো লাখো বইয়ের সমারোহ। পাঠকরা সেসব বই হাতে তুলছেন, নতুন বইয়ের গন্ধে বিভোর হচ্ছেন। পছন্দের বই কিনে বাড়িও ফিরছেন। নানা স্বাদের বইয়ের ভিড়ে এবার কলকাতা বইমেলায় মেহনতী প্রকাশনীর স্টলে নজর কাড়ছে অন্যরকম কিছু বই।

আজকের ব্যস্ত জীবনে সুস্থভাবে বাঁচাটাই সবচেয়ে বেশি জরুরি। আর সেটাকে মাথায় রেখেই দুই মলাটে বন্দি করা হয়েছে সুস্থ জীবনের চাবিকাঠি। সাংবাদিক লেখক ব্রতীন দাসের খাবারেই রোগ মুক্তি বইটিতে তুলে ধরা হয়েছে আমাদের চেনা অচেনা নানা খাবারের গুণাগুণ। কোন খাবারগুলি খেলে আমরা সুস্থ থাকতে পারি, প্রতিরোধ করতে পারি নানা রোগ-ব্যাধি তা যেমন বলা হয়েছে এই বইয়ে, তেমনই উল্লেখ করা হয়েছে কোন রোগে কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়। যদি আমরা ভুল করে ওই সব খাবার খেয়ে ফেলি সেক্ষেত্রে রোগ যে কীভাবে আরও চেপে বসে আমাদের শরীরে তা নিয়েও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ওই বইয়ের নানা আর্টিকেলে।

পশ্চিমী চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস তো কবেই বলে গিয়েছেন, খাবারই আপনার ওষুধ। তাই সুস্থ থাকতে গেলে আমাদের সঠিক খাবার চিনতে হবে। বইটিতে তুলে ধরা হয়েছে এই মূল কথাটি। কথায় বলে, খেয়েই মানুষ মরে। কিন্তু সঠিক খাবার চিনে নিতে পারলে যে অনায়াসে ছেড়ে দেওয়া যায় মুঠো মুঠো ওষুধ, সেই কথাই বলছে ব্যতিক্রমী এই বই। একটা সময় ছিল যখন গ্রামগঞ্জের মানুষের দিন শুরু হতো পান্তাভাত দিয়ে। কিন্তু এখন শহর তো বটেই গ্রামের ছেলে মেয়েদের স্কুলের টিফিনেও জায়গা করে নিয়েছে ফাস্টফুড।

আমরা ভুলে গিয়েছি, পান্তাভাতের পাঁচকাহন। অনেকেই হয়তো জানি না পান্তাভাত আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে কতটা সহায়ক। মাছের তেল নিয়েও আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক রুখে দিতে পারে মাছের তেল।

আর্থাইটিসের ব্যথা কমিয়ে দিতে পারে ইলিশ মাছ। অবসাদ দূর করতে পারে পমফ্রেট। মস্তিষ্কের স্মৃতি বাড়াতে পারে লইটে মাছ। চিংড়ি আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। মাংসপেশি তৈরি করতে বিশেষ সাহায্য করে সার্ডিন মাছ। হৃদয়কে যদি ভালো রাখতে হয় তাহলে উপকারী স্যামন। খারাপ কোলেস্টেরল কমাতে পারে ম্যাকরেল। এই বই হদিশ দিচ্ছে, ডিম নিয়ে মিথ কতটা আর সত্যিই বা কতটা। তুলে ধরা হয়েছে, লেবু তুলসীতে কীভাবে সুস্থ থাকে শরীর কিংবা সুগার পাতায় কীভাবে জব্দ করা যেতে পারে সাইলেন্ট কিলার ডায়াবেটিসকে।

আমাদের শরীরে রোজ দিন জমা হচ্ছে টক্সিন। সেই টক্সিন যদি শরীর থেকে সময়মতো বের করা না যায়, সেক্ষেত্রে ফ্রি র‍্যাডিকেল বাড়বে। বৃদ্ধি পাবে ক্যান্সারের কোষ। পেঁপের বীজ কীভাবে শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে তার হদিস দিচ্ছে এই বই। তরমুজে বীজে কীভাবে লুকিয়ে থাকে আমাদের জীবনীশক্তি তুলে ধরা হয়েছে সেটাও।


প্রকাশক অয়ন কর্মকার জানিয়েছেন, এই বইয়ে তুলে ধরা হয়েছে চিয়া সিড তিসি বীজ বেসিল সিড মৌরি থেকে সজনের নানা গুণ। এরই পাশাপাশি লেখক ব্রতীন দাসের সহজে করুন ছাদ বাগান বইটি বাগান বিলাসীদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। ফ্লাট কালচারের যুগে এখন অনেকেই ছাদে কিংবা ব্যালকনিতে সাধের বাগান করতে চান। কিন্তু বাগান করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়েন তারা। কীভাবে মাটি তৈরি করবেন, কোন গাছের কতটা সার দেবেন, কোন গাছের জন্য কতটা জল প্রয়োজন, রোগপোকার আক্রমণ দেখা দিলে কোন ওষুধ প্রয়োগ করবেন তারা ঠিক বুঝে উঠতে পারেন না।

এই বই বাগান বিলাসীদের কাছে পূর্ণাঙ্গ গাইড বুক হিসাবে কাজ করবে। বাগানিরা কীভাবে বাড়িতেই জৈব সার থেকে জৈব কীটনাশক তৈরি করতে পারেন তার টিপস যেমন এই বইটিতে রয়েছে, তেমনই কোন গাছের কেমন পরিচর্যা প্রয়োজন, কোন গাছকে কতক্ষণ সূর্যালোকে রাখা দরকার, ছোট গাছে বেশি ফল ও ফুল ফলাতে গেলে ঠিক কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, নার্সারি থেকে চারা কেনার সময় কোন বিষয়গুলির উপর নজর রাখা দরকার, সেসবই তুলে ধরা হয়েছে এই বইয়ে। সঙ্গে দেওয়া হয়েছে কৃষি ও উদ্যানপালন বিশেষজ্ঞদের পরামর্শ সুপারিশ।

কলকাতা বইমেলায় এবার সাড়া জাগাচ্ছে ভিন্ন স্বাদের এই বইগুলি। এরই সঙ্গে মেহনতী প্রকাশনীর ২১০ নম্বর স্টলে মিলছে কৃষি, উদ্যানপালন প্রাণী ও পশুপালন বিষয়ক হাজারো বই। বাড়ির পোষ্যকে কীভাবে লালন পালন করবেন তার উপরেও বই প্রকাশিত হয়েছে এখানে।

এখন অনেকেই বাড়তি ওজনের সমস্যায় ভুগছেন, রোগা হতে নানারকম পদ্ধতি অবলম্বন করছেন। অনেক সময় না জেনেই এমন কিছু ডায়েট ফলো করছেন, যা আখেরে তাদের ক্ষতি করে দিচ্ছে। বিজ্ঞানভিত্তিক কোন পদ্ধতি মেনে অল্প সময়ে অনেক বেশি ওজন ঝরানো যায়, তা নিয়েও বই রয়েছে মেহনতির স্টলে।

যোগ ও ব্যায়ামে কীভাবে ব্যথা ও সুগার কমানো যায় কিংবা ওষুধ ছাড়া চিকিৎসা নেচারোপ্যাথির মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায় তা নিয়ে বই লিখেছেন বঙ্গরত্ন ও বাংলার গৌরব সম্মানপ্রাপ্ত তুষার শীল। ওই বইটিও পাওয়া যাচ্ছে মেহনতীর স্টলে। ৫ নম্বর গেট দিয়ে ঢুকেই ডানদিকে এই স্টলে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রচুর পাঠক পাঠিকা।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন