

৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণে দেশবাসীর জন্য ‘দ্বিগুণ’ দীপাবলির উপহার ঘোষণা করেছেন । লালকেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “এই দীপাবলিতে আপনাদের জন্য থাকছে বিশেষ উপহার। নতুন জিএসটি সংস্কার গোটা দেশে করের চাপ কমাবে। দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিস সস্তা হবে, যার ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বড় উপকার হবে।” শীঘ্রই চালু হতে চলেছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি (GST)!

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। মোদীর কথায়, এই সংস্কার সাধারণ মানুষের করের বোঝা অনেকটাই হালকা করবে। প্রধানমন্ত্রীর এও দাবি, নতুন প্রজন্মের জন্য এটি একটি বড় ‘উপহার’ হতে চলেছে। দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী এদিন স্মরণ করিয়ে দেন, আট বছর আগে চালু হওয়া জিএসটি ব্যবস্থাই প্রথমবার একাধিক করকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। ২০১৭ সালের ১ জুলাই যাত্রা শুরুর পর এবার তার পুনর্মূল্যায়নের সময় এসেছে বলে মনে করে কেন্দ্র। এজন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্যগুলির সঙ্গেও পরামর্শ হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থারও প্রশংসা করেন। বলেন, ”আজ সারা বিশ্ব ইউপিআইকে এক আশ্চর্য হিসেবে দেখছে। একা ভারতেই বিশ্বের অর্ধেক রিয়েল-টাইম লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে। শিল্প, সৃজনশীলতা, সোশ্যাল মিডিয়া—সবক্ষেত্রে কেন আমরা অন্যের ওপর নির্ভর করব? কেন আমাদের সম্পদ বিদেশে যাবে? আমি দেশের যুবশক্তির ওপর ভরসা রাখি”, বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এদিকে , স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থল বন্দরে নতুন পার্কিং ও ভারত বাংলাদেশ “সৌহার্দ্য যাত্রা” একটি নতুন বাস সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পেট্রাপোল LPI (ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া)-এর নবনির্মিত আধুনিক পার্কিং এলাকা উদ্বোধন করতে এসে মন্ত্রী দেশের সময় ‘কে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণে দেশবাসীর জন্য ‘দ্বিগুণ’ দীপাবলির যে উপহার ঘোষণা করেছেন ‘নেক্সট জেনারেশন’ জিএসটি (GST) সেই প্ৰকল্প বাস্তবায়িত হবে এবং দেশের মানুষ উপকৃত হবেন । বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটি সুখবর । তিনি আরও বলেন, পেট্রাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের জন্য আরও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থার সুযোগ তৈরি হল । কলকাতা-ঢাকা ভারত বাংলাদেশ “সৌহার্দ্য যাত্রা” এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শান্তনু ঠাকুর।

সিয়াম লজিস্টিক এর কর্ণধার সুমন রায় বলেন,প্রধানমন্ত্রীর কথায় ,নতুন জিএসটি সংস্কার শুধু সীমান্ত বাণিজ্য নয় গোটা দেশে করের চাপ কমাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন এবং বিশেষ করে ক্ষুদ্র শিল্প আরও বেশি করে সমৃদ্ধ হবে ।
এই অনুষ্ঠানে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক, বিএসএফ ও অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সীমান্ত ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, নতুন পার্কিং এলাকা ও বাস পরিষেবা চালু হওয়ায় পেট্রাপোল স্থলবন্দরে যানবাহন চলাচল আরও সহজ ও দ্রুত হবে, যা ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।



