গাইঘাটার এনকাউন্টার-কাণ্ডে নয়া মোড়! নকল প্রহ্লাদ দাস সাজিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ সিআইডির?
deshersamay

কীভাবে ঘটেছিল গাইঘাটার সেই পুলিশি এনকাউন্টার? এবার সেই ঘটনার পুনর্নির্মাণ করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে পাঁচ সদস্যের সিআইডি প্রতিনিধি দল গাইঘাটার এনকাউন্টারস্থলে পৌঁছে পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ করে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সকালে গাইঘাটা থানা এলাকার একাদশ শ্রেণির এক নাবালিকা ছাত্রীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ এক প্রতিবেশীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে প্রহ্লাদ দাস নামে ছাত্রীর এক আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে।

পুলিশের দাবি, ২৭ অক্টোবর ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রহ্লাদকে নিয়ে যাওয়ার সময় সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের।

ঘটনার পর প্রহ্লাদের মা প্রথমে একজন নাগরিক হিসেবে পুলিশের পদক্ষেপকে সঠিক বলে মন্তব্য করলেও পরবর্তীতে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রেক্ষাপটে ঘটনার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গাইঘাটা থানায় পৌঁছয় সিআইডির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার পর তাঁরা এনকাউন্টারস্থলে যান।

সেখানে একজনকে নকল প্রহ্লাদ দাস সাজিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছিল, কোন অবস্থান থেকে গুলি চালিয়েছিল এবং পুলিশের পাল্টা পদক্ষেপ কী ছিল, সেই সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে সিআইডি। ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ বিবরণও লিপিবদ্ধ করেন তদন্তকারীরা।

সিআইডির এই তদন্তে গাইঘাটার বহুচর্চিত এনকাউন্টার-কাণ্ডে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।
