

তিনি আগেই জানিয়েছিল মেয়ের জন্য বিচার ছিনিয়ে নিতে পদ্ম প্রতীকে ভোটের ময়দানে নামছেন। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা সেই ঘোষণাতেই দিল সিলমোহর। পানিহাটি থেকে ২৬-এর ভোটে বিজেপি প্রার্থী আরজি কর-এ নির্যাতিতার মা। Justice For RG Kar আবেগকেই হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পারে গেরুয়া শিবিরের তুরুপের তাস তিনিই?

অন্তত শাসক থেকে বিরোধীদেরও কেউ কেউ এমনটাই অভিযোগ তুলেছেন। তবে BJP-র তৃতীয় প্রার্থী তালিকার চমক এখানেই শেষ নয়। তাতে নাম রয়েছে অবসরপ্রাপ্ত NSG কম্যান্ডো এবং ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীরও।

নির্যাতিতার মা, অবসরপ্রাপ্ত ইন্টেলিজেন্স কর্তা-সহ মোট ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এখনও আরও ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি গেরুয়া শিবিরের। এই তালিকায় পানিহাটি ছাড়াও নজর কেড়েছে উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থীও। দাপুটে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্যর বিরুদ্ধে বিজেপির বাজি অবসরপ্রাপ্ত NSG কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। ডিফেন্স সেক্টরে তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকেই বাকি দুই শিবিরের নামী প্রার্থীর বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে BJP।

এ ছাড়া এ দিন উত্তরবঙ্গের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসু, রায়গঞ্জ (এসসি)-তে দীনেশ সরকার, ইসলামপুরে চিত্রজিত রায়, হেমতাবাদে হরিপদ বর্মন, ইংরেজবাজারে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে বিজেপি। তবে এই তালিকাতেও নাম নেই শ্রীরূপা মিত্র চৌধুরীর।

নদিয়ার শান্তিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাসকে। হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। হরিপালে পদ্ম প্রতীকে প্রার্থী মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত এবং পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদারকে টিকিট দিয়েছে বিজেপি।





