‘এ বার থেকে প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল’, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কবে থেকে শুরু?
deshersamay

তিন মাস অন্তর বিদ্যুতের বিল আসার দিন শেষ। WBSEDCL এলাকায় এখন থেকে মাসের বিল মাসেই আসবে। সোমবার দুপুরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘প্রতি মাসে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিলও প্রতি মাসে দেওয়া হবে।’ ২০২৭-এর জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন তিনি।

CESC এলাকায় প্রতি মাসে বিদ্যুতের বিল মেটান গ্রাহকরা। কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার (WBSEDCL) গ্রাহকদের তিন মাস অন্তর বিল দেওয়া হয়। সেই নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল। ত্রৈমাসিক বিলের বদলে প্রতি মাসে বিল দেওয়ার দাবিও তুলেছিলেন অনেকে। সেই দাবিকেই স্বীকৃতি দিল রাজ্য সরকার।

জানুয়ারি থেকে নতুন ব্যবস্থা চালুর কথা জানিয়ে শুভেন্দু বলেন, ‘একসঙ্গে তিন মাসের বিল মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এলাকার অনেক গ্রাহকই জানিয়েছিলেন। তাই প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে।’

তিন মাস অন্তর বিদ্যুত বিল পাঠানোর ব্যবস্থা ১৯৫৫-তে চালু হয় বলে জানা গিয়েছে। ২০২১-এ এই ব্যবস্থার পরিবর্তন করে মাসিক বিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় দীর্ঘ আলোচনাও হয়। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি। রাজ্যে পালাবদলের সাত মাসের মধ্যে সেই সংস্কারই করলেন শুভেন্দু।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (ABECA) রাজ্য সভাপতি সুব্রত বিশ্বাস। তিনি বলেন, ‘৩০০ ইউনিট পর্যন্ত গভর্নমেন্ট ডিউটিতে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়। সাবসিডিও মেলে। কিন্তু একসঙ্গে তিন মাসের বিল মেটানোর সময়ে গড়ে গ্রাহকরা সেটা পান না।’ এ বার থেকে পুরো মাত্রায় সেই সুবিধা মিলবে বলে আশাবাদী তিনি।

একসঙ্গে বড় অঙ্কের বিল মেটানোর চাপ কমবে। পাশাপাশি মাসিক ভিত্তিতে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে প্রযোজ্য ছাড় ও ভর্তুকির সুবিধা পাওয়ার সুযোগ বাড়বে।
