বিসলেরির পানীয় জলে মিলল ক্যানসারের উপাদান! আইনি পদক্ষেপের পথে FSSAI
deshersamay

Bisleri-র পানীয় জলের নমুনায় ক্ষতিকর উপাদান মেলায় এবার নামী সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে ভারতের খাদ্য সুরক্ষা সংস্থা (FSSAI)। সম্প্রতি ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’-এর প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বা জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। আর তাতেই নির্ধারিত সীমার থেকে বেশি পরিমাণ ‘ব্রোমেট’ এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায় এমন রাসায়নিক ‘পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন’ (PAHs) পাওয়া গিয়েছে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার স্বার্থেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে FSSAI।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, FSSAI জানিয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনালের কারখানা থেকে সংগৃহীত প্যাকেজড পানীয় জলের প্রাথমিক নমুনা পরীক্ষার পর দেখা যায়, তাতে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমা ছাড়িয়ে গিয়েছে। সেজন্য ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান আইন মেনে ‘অসুরক্ষিত’ বলা হয়। এরপর বিসলেরির আবেদনে নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয়।

দ্বিতীয় পরীক্ষাতেও জলটি ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়। এরপর সংস্থার তরফে ফের নমুনা পরীক্ষার আবেদন করা হয়। কিন্তু তাতেও ফের জলটি ‘অসুরক্ষিত’ প্রমাণিত হয়। পাশাপাশি, নমুনায় PAH-এর উপস্থিতিও লক্ষ্য করা যায়। ব্রোমেট ও PAHs—দু’টিই কারসিনোজিক বা ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে পরিচিত। এরপরই FSSAI বিবৃতি জারি করে। বিবৃতিতে জানানো হয়, ল্যাবে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্যাকেটজাত চকোলেট-ফিল্ড কুকিজের গুণমান ও লেবেলিংয়ে গাফিলতি থাকায় ‘আশা কনফেকশনারি’-এর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে FSSAI। তাদের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে FSSAI-এর তরফে। কেননা, ল্যাবের নমুনা পরীক্ষায় দেখা গিয়েছে, ওই সংস্থার বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে কোথাও উল্লেখ না করেই তাতে ‘কার্মোসিন’ রঙ মেশানো হয়েছে।

এ ছাড়া খাদ্যপণ্যে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ‘টারট্রাজিন’ এবং ‘সানসেট ইয়েলো এফসিএফ’-এর মতো নিষিদ্ধ রঙের ব্যবহারও দেখা গিয়েছে। তাই ওই সমস্ত খাদ্যদ্রব্যকে ‘বিভ্রান্তিকর তথ্যযুক্ত, নিম্নমানের ও অসুরক্ষিত’ বলে চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে ওই ব্যাচের সমস্ত পণ্যকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে FSSAI-এর তরফে।

