প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

১ নভেম্বর ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম মতুয়াদের ঠাকুরবাড়িতে আসছেন শুভেন্দু অধিকারী। আগামী ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। শুক্রবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর ঠাকুরনগর সফর এবং গোঁসাই সম্মেলনের কর্মসূচির কথা জানিয়েছেন বাগদার বিজেপি বিধায়ক সোমা ঠাকুর।

ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য থেকে গোঁসাইরা যোগ দেবেন। সম্মেলন শুরু হবে সকাল ১০ টায়। জানা গিয়েছে, তার আগেই ঠাকুরবাড়িতে আসবেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু একাধিকবার এসেছেন ঠাকুরবাড়িতে। পালাবদলের মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম ঠাকুরবাড়িতে আসা। স্বাভাবিক ভাবেই সিএএ–সহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে আছেন মতুয়ারা।

২০১৪ থেকে মতুয়ারা বিজেপির দিকেই রয়েছেন। কিন্তু স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে গত বিধানসভা নির্বাচনে কয়েক লক্ষ মতুয়া ভোটাধিকার হারিয়েছেন। বহু বছর ভারতে বসবাসের পরেও ভোটাধিকার হারিয়ে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নাগরিকত্ব পেতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন মতুয়ারা। কিন্তু সেখানেও বিশেষ লাভ হয়নি। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ–র সরলীকরণ করেছে। জেলাশাসকের অফিস থেকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার কথাও বলা হয়েছে। এই আবহে শুভেন্দুর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মতুয়া নেতৃত্ব।

ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, ঠাকুরবাড়ি পৌঁছনোর পরেই মতুয়া মাতৃসেনার মহিলারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানবেন। এর পর হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিয়ে গোঁসাই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সম্মেলন থেকে সিএএ–সহ মতুয়া এবং ঠাকুরবাড়ির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই মনে করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তাঁর স্ত্রী তথা বাগদার বিধায়ক সোমা ঠাকুর। শান্তনু বলেন, ‘মতুয়াদের অভাব, অভিযোগ ও তাদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আগামী দিনে মতুয়ারা কী ভাবে পেতে পারেন, সেটাও হয়তো মুখ্যমন্ত্রী তুলে ধরবেন।’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন