পুজোর আগেই বর্ষা বিদায়ের ইঙ্গিত! দক্ষিণবঙ্গে ঝলমলে শরতের আকাশ, মাসের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস , আবহাওয়ার আপডেট জানুন
deshersamay

নীল আকাশে শুরু হয়েছে শরতের তুলোর মতো সাদা মেঘের আনাগোনা, যা স্পষ্ট জানান দিচ্ছে যে উৎসবের দিন আর বেশি দূরে নেই। ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ । একটানা বর্ষণের স্যাঁতসেঁতে দিন পেছনে ফেলে অবশেষে আলোর মুখে বাংলা। নিম্নচাপের কালো মেঘ কেটে গিয়ে রাজ্যজুড়ে আকাশ রোদ ঝলমলে হয়ে উঠছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও দাপট অনেকটাই কমে এসেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় আপাতত ভারী বা টানা দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই রোদ-ছায়ার খেলা শুরু হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে বর্ষা।

পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিতে পারে। তবে দুর্গাপূজোর সময়ে হঠাৎ মেঘ জমে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকলেও তা নিয়ে অযথা উদ্বেগের কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মোটের ওপর পরিষ্কার ও রোদ ঝলমলে। শহরে আপাতত ভারী বা টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৭টা থেকে আগামী দু’-তিন ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের পর জেলায় জেলায় আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
আগামিকাল, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মঙ্গলবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
