প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

স্বাধীনতা দিবস পালন, পার্টি অফিসে আড্ডা, মধ্যরাত পর্যন্ত বাড়িতেও গল্প! সুইসাইড নোটে  কী লিখে গিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়?

deshersamay

Share article:

রামপুরহাটের পার্টি অফিস থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন বিধায়কের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের দাবি, কেউ কিছু আগের থেকে বুঝতে পারেননি। একেবার স্বাভাবিকই ছিলেন। স্বাধীনতা দিবসের দিনও পতাকা উত্তোলন করেন আশিসবাবু। শুধু তা-ই নয়, প্রায় মধ্যরাত পর্যন্ত হাসিমুখেই গল্প করেছেন বাড়ির লোকেদের সঙ্গে। তার পরেই রবিবার সকালে ঘর থেকে আশিসের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না পরিবারের লোকেরা। পাড়াপড়শিরাও হতবাক।

হঠাৎ কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না তাঁরা। তবে, প্রাক্তন মন্ত্রীর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কী লেখা রয়েছে সুইসাইড নোটে, যা একাধিক প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলে।

রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় থাকতেন আশিস। তাঁর বাড়ির লাগোয়া একটি দলীয় কার্যালয় ছিল। রবিবার সকালে সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশিসের ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, ঘরের দরজার ফাঁক দিয়ে একটি দড়ি ঝুলতে দেখা গিয়েছিল। তাতেই সন্দেহ হয়। তার পরে দরজা ভেঙে উদ্ধার হয় প্রবীণ নেতার দেহ।

পরিবারের দাবি, আশিস কোনও কারণে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন কি না, তা তাঁর আচরণে বোঝা যায়নি। সেই কারণেই তাঁর মৃত্যুতে হতচকিত সকলে। প্রশান্ত বলেন, ‘রাতেও আমরা একসঙ্গে বসে গল্প করলাম। এমন কিছু ঘটতে পারে, তা বোঝার কোনও উপায় ছিল না। রাত ১২টা পর্যন্ত বাড়ির সবাই মিলে গল্প করেছি। তার পরে নিজেই খেতে উঠলেন এবং ঘরের দরজা বন্ধ করে দিলেন। সকালে এই খবর শুনলাম। এখনও বিশ্বাস করতে পারছি না।’

এলাকাবাসীরাও জানান, শনিবার সকালে স্বাধীনতা দিবসও পালন করেছিলেন আশিস। এলাকায় পতাকা উত্তোলেনের সময়েও সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন। তার পরে দলীয় কার্যালয়ে বেশ কিছু ক্ষণ সময় কাটিয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘কাল সন্ধেবেলাই তো কথা বললাম। অফিসেই বসেছিলেন উনি। প্রতি রাতেই আমাদের আড্ডা হয়। যদিও কাল আমি আড্ডায় থাকতে পারিনি।’ তাঁর অনুমান, ‘ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, উনি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। মানসিক ভাবে বোধহয় ভেঙে পড়েছিলেন। অনেকে অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সম্ভবত ওঁর আত্মসম্মান বোধে লেগেছিল। আর কিছু নয়। কারণ ওঁদের বাড়ি তো শান্তিপূর্ণ বাড়ি। কোনও দিন কারও সঙ্গে অশান্তির কথা শুনিনি।’

দলীয় কর্মীরাও জানিয়েছেন, তাঁকে নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে, যে সব অভিযোগ তোলা হয়েছে, তা মেনে নিতে পারেননি আশিস। সম্ভবত সে সব নিয়ে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি।

কী লেখা সুইসাইড নোটে?
পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে উল্লেখ রয়েছে দলের কথা, দুর্নীতির কথা। তবে, মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। সুইসাইড নোটে লেখা, ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন। কোনও দিন তিনি দুর্নীতির সঙ্গে আপোস করেননি। কোনওদিন অন্যায় করেননি, দুর্নীতিকে প্রশ্রয়ও দেননি। কারও থেকে একটা টাকাও নেননি। এমনকী, ছাত্র-ছাত্রীদের বিনা পয়সাতেও পড়িয়েছেন। কিন্তু এমনও হয়েছে চোখের সামনে দলীয় অন্যায় হতে দেখেও প্রতিবাদ করতে পারেননি। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে এই বিষয়গুলিরই উল্লেখ করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, অপমানেই কি আত্মঘাতী হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়? গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি-তে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই অথরিটিতে ছিলেন আশিসবাবু। চিঠিতে সেই বিষয়ে উল্লেখ করে প্রাক্তন মন্ত্রী দাবি করেছেন, “টিআরডিএ-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনও দিন কেউ আলোচনা করেননি।” এরপরই তিনি লেখেন, “যেভাবে অপমান করা হয়েছে, মনে হয়েছে রাজনীতিতে আসাটাই তাঁর ভুল ছিল। তাঁর পরিবারের লোকজন যাতে কেউ রাজনীতিতে না আসেন, সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন।

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। টিভি৯ বাংলাকে তিনি বলেন, “খুব ভালো লোক ছিলেন। কারও সঙ্গে কোনও বিবাদ ছিল না। কোনও ঝামেলায় থাকতেন না। একজন সৎ ব্যক্তি ছিলেন। কোনও দুর্নীতিতে জড়িত ছিলেন না। শান্তিপ্রিয় লোক। পরিবারেও কোনও ঝামেলা ছিল না। কেন হল, বুঝতে পারছি না।”

রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলেন, “রাজনীতিতে কোথায় কে অপমানিত হয়েছেন, জানি না। বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু, তারপরেও আমি গিয়ে তাঁকে প্রণাম করে এসেছিলাম। অপমানিত হলে তিনি তাঁর দলের কাছেই হতে হয়েছেন। বাড়ি থেকেও নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বাড়ির কোন লোক রাজনীতি করত, কারা উত্যক্ত করত, সবই তদন্তে আসা উচিত। খুবই ভালো মানুষ ছিলেন। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

অন্যদিকে, কুণাল ঘোষ বলেন, “অত্যন্ত খারাপ ঘটনা। আমি আন্তরিক শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তিনি আদৌ দোষ করেছেন, তিনি আদৌ জড়িত কিংবা জড়িত নয়, সেটা বলার জায়গায় কেউ নেই। কিন্তু, প্রমাণ হওয়ার আগে কলঙ্ক, অপমান, কুৎসা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে একজনকে কালিমালিপ্ত করা হয়, সেটা হয়তো তিনি মানসিকভাবে নিতে পারেননি। কিছুদিন আগেই দেখেছি, তিনি যখন ২১ জুলাই ভালো তৃণমূলের মেয়ো রোডের সভার দিকে যাচ্ছিলেন, তখন রাস্তায় দাঁড়িয়ে এক বিজেপি নেতা তাঁকে অকথ্য ভাষায় অপমান করেন। দোষ প্রমাণিত হওয়ার আগে এভাবে ডিম মারা, অপমান করা এই যে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে, তা হয়তো মানসিকভাবে নিতে পারেননি। তার থেকে হয়তো ঘটনা ঘটেছে। দলীয় অন্যায়ে কেন প্রতিবাদ করতে পারেননি, সেটা তাঁদের বিষয়।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন