Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব

Lionel Messi Flight: ১৩৬ কোটি দামের বিমানে চড়ে মেসির ভারত সফর ! কী আছে এই প্রাইভেট জেট-এর অন্দরে ? আজ মুম্বইয়ে খেলা শেখাবেন খুদেদের

deshersamay

Share article:

ভারতে মেসি। কলকাতায় বিশৃঙ্খলার পর নির্দিষ্ট সূচি অনুযায়ী চলছে লিয়োনেল মেসির ভারত সফর। রবিবার সফরের দ্বিতীয় দিন লিয়োর একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুম্বইয়ে। মেসির সঙ্গে ব্যস্ত দিন কাটাবেন তাঁর দুই সতীর্থ এবং সফরসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। তবে মেসির ভারত সফরেই শুধু চমক নয়, যে বিমানে তিনি এসেছেন ভারতে, তাও কিন্তু অবাক করার মতো।নিজস্ব প্রাইভেট জেট গাল্ফস্ট্রিম ৫(Gulfstream V) -এ এসেছেন মেসি। এর দাম কত জানেন? ১৩৬ কোটি টাকা। 

কী বিশেষত্ব এই বিমানের?

গাল্ফস্ট্রিম ৫ হল বিশ্বের সবথেকে বিলাসবহুল লং রেঞ্জ বিজনেস জেট (Long Range Bisuness Jet)। নন-স্টপ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে যেতে পারে। এয়ার ট্রাফিক এড়াতে এই বিমান হাই অল্টিটিউড বা অতি উচ্চতায় উড়তে পারে। বিলাসবহুল এই বিমানে অনেকটা জায়গা রয়েছে, এর সঙ্গে রয়েছে কেবিনও। মোট ১৪টি সিট আছে মেসির এই বিমানে, যা প্রয়োজন পড়লে ৭টি বিছানায় পরিবর্তিত করে নেওয়া যায়।

সাধারণত গাল্ফস্ট্রিম জেটের দাম ৯ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারের মধ্যে হয়। নতুন ভ্যারিয়েন্টের দাম ৪০ মিলিয়নের বেশি। শুধু বিমানের দামই নয়, এই বিমানের রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু বছরে কয়েক মিলিয়ন ডলার।

কলকাতা, হায়দরাবাদের পর আজ, ১৪ ডিসেম্বর মুম্বইয়ে যাবেন মেসি। সেখানে দেখা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বলিউডের সেলিব্রেটিরা। সোমবার দিল্লিতে শেষ হবে মেসির ট্যুর। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন মেসি। তবে সরকারি কোনও কনফার্মেশন পাওয়া যায়নি।

কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা না হলেও মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হতে পারে মেসির। সূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি। সেখানে বিকাল ৪.৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন তেন্ডুলকর। থাকতে পারেন শাহরুখ খানও।

বিকাল ৫টায় মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রাত ৮টা পর্যন্ত ওয়াংখেড়েতে থাকার কথা মেসির। সেখানে প্রথমে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তার পর খ্যাতনামীদের ফুটবল ম্যাচ রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর থাকার কথা। আরও অনেক খ্যাতনামী থাকবেন। মেসি নিজে ফুটবল খেলবেন কি না তা স্পষ্ট নয়। ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের সঙ্গীতানুষ্ঠান রয়েছে। তার পর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা।

খেলা শেষ হওয়ার পর পুরস্কার দেবেন মেসি। ১০ মিনিটের পেনাল্টি শুটে অংশ নিতে পারেন মেসি, সুয়ারেজ এবং ডি’পল। এর পর ওয়াংখেড়েতে খুদেদের নিয়ে ৩০ মিনিটের একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’।

ওয়াংখেড়ের অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষ। দুপুর ২টোর মধ্যে তাঁদের স্টেডিয়ামে ঢুকে পড়তে হবে। টিকিটের দাম ৮৮৫০ টাকা থেকে ১৪৭৫০ টাকা। টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। কলকাতার বিশৃঙ্খলার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ মেসির অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া কাউকে মেসির ধারে কাছেও যেতে দেওয়া হবে না।

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery
Menu
© 2026 Desher Samay.