CM Mamata Banerjee on Sunita Williamsসুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী মমতার
deshersamay
নিরাপদে ফিরলেন সুনীতারা। উচ্ছ্বসিত গোটা বিশ্ব। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছাবার্তা। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসকে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে আমাদের দেশে। ‘ভারতকন্যা’কে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দীর্ঘদিন বাদে সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন, এতে আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত।’
বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে (ভারতীয় সময়) স্পেসএক্সের মহাকাশযান অবতরণ করে। মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক স্পেস সেন্টারে গিয়েছিলেন সুনীতারা। বদলে থাকতে হয়েছে নয় মাস। মমতা বলেন, ‘আপনাদের সাহস, আপনাদের প্রত্যাবর্তন, সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য আমার শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’
Welcome Sunita Williams and Butch Wilmore back to earth, finally and safely, after so many days.
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
Our daughter of India returns to us, and we are deeply deeply happy and elated. We are profoundly happy for Butch Wilmore also. Hail their courage, hail their return, hail human…
মঙ্গলবার সারা রাত জেগেছিল গোটা বিশ্ব। সুনীতাদের ফেরার অপেক্ষায় ছিল ভারতও। এ দেশের সঙ্গে নাড়ির টান রয়েছে সুনীতা উইলিয়ামসের। তাঁর পৈতৃক গ্রাম গুজরাটের ঝুলাসান। সুনীতার প্রত্যাবর্তনে সেখানেও উদযাপন করা হয়েছে মঙ্গলবার রাতে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুনীতাকে ‘ভারতকন্যা’ বলে অভিহিত করেছেন।
