Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Parliament: আজ থেকেই নতুন ভবনে অধিবেশন শুরু,’পুরনো’ সংসদ ভবনের কী হবে জানুন

deshersamay

Share article:

দেশের সময়:পুরনো সংসদ ভবন ছেড়ে ৭৫ বছরের ঐতিহ্য, ইতিহাস, গরিমা নিয়ে আজ সাংসদরা পা দেবেন নতুন ভবনে। আজ থেকেই নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন।

নতুন সংসদ ভবনে প্রবেশের আগে এবং পুরানো ভবনে বিদায় জানানোর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ভাষণ দেন। সংসদের ইতিহাস উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদীও। তিনি উভয় সংসদ ভবনের ৭৫ বছরের যাত্রার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর থেকে অটল বিহারী বাজপেয়ি পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদি। পার্লামেন্টের কর্মীদেরও তাঁর ভাষণে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

পুরনো সংসদ ভবনটির নির্মাণকাজ ১৯২৭ সালে সম্পন্ন হয়। তখন এর নির্মাণে ব্যয় হয়েছিল ৮৩ লক্ষ টাকা। স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার পুরাতন সংসদের নকশা করেছিলেন বলে জানা যায়। চলতি বছরের মে মাসে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সংসদের লোকসভা কক্ষে ৮৮৮ জন সদস্যের আসন রয়েছে। রাজ্যসভায় ৩০০টি আসন রয়েছে।

এটি একটি ত্রিভুজাকার আকৃতির চার তলা বিল্ডিং, যা ৬৪,৫০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত। নতুন সংসদ ভবনে তিনটি প্রধান প্রবেশপথ রয়েছে। যাদের নাম জ্ঞান দ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। এছাড়া ভিআইপি, সাংসদ ও অতিথিদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে।

সরকারি সূত্র বলছে, পুরনো সংসদ ভবন ভাঙা হবে না এবং সংসদীয় কর্মসূচির কথা মাথায় রেখে কার্যক্ষম স্থান আরও বাড়ানো হবে। সূত্র জানায়, “ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করা হবে কারণ এটি দেশের একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ।”

২০২১ সালে, তৎকালীন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি রাজ্যসভায় বলেছিলেন যে সংসদ ভবনের কাঠামোটি মেরামত করা প্রয়োজন এবং বিকল্প ব্যবহারের জন্য তৈরি করতে হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য জাতীয় আর্কাইভগুলিকে নতুন সংসদ ভবনে স্থানান্তর করা হবে। এটি পুরনো সংসদ ভবনের জন্য আরও জায়গা পেতে সহায়তা করবে। এও বলা হয়, পুরনো ভবনের একটি অংশকে জাদুঘরে রূপান্তরিত করা যেতে পারে।

আজ থেকে নতুন সংসদ ভবনে কেন্দ্রীয় সরকারের বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। লোকসভার কার্যক্রম শুরু হবে দুপুর ১.১৫ মিনিটে। দুপুর ২.১৫ মিনিটে রাজ্যসভায় শুরু হবে কার্যবিবরণী। সকাল ১১টায় সংসদের সেন্ট্রাল হলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। পুরনো সংসদকে বিদায় জানানোর আগে সংসদ সদস্যদের উপহারের প্যাকেট দেওয়া হবে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে নতুন সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে ‘পার্লামেন্ট ভবন অফ ইন্ডিয়া।’ 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন