Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনধে ‘গুন্ডামি’ নিয়ে তোপ মমতার

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ ধর্মঘটের নামে বাংলার বিভিন্ন জায়গায় সিপিএম গুন্ডামি করেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “এরা বছরে চারটে করে বনধ ডাকে সস্তার জনপ্রিয়তা পেতে। এদের রাজনৈতিক ভাবে মৃত্যু হওয়া প্রয়োজন।”

তৃণমূলনেত্রী আরও বলেন, “পারলে আমাদের মতো আন্দোলন করুক। গুন্ডামি করে কোনও আন্দোলন হয় না। সাধারণ মানুষের অসুবিধে করছে কেন। এর থেকে কেরলের সিপিএম ভাল। তবু ওখানে কিছু মতাদর্শ বেঁচে আছে।”

ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটে বুধবার সকাল থেকেই জেলায় জেলায় রাস্তায় নেমে পড়ে বাম-কংগ্রেস। বারাসতের কাছে হৃদয়পুর স্টেশনে রেল লাইনে কৌটো বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। একাধিক জায়গায় গাড়ি, বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিন সেই প্রসঙ্গেই মমতা বলেন, “সিপিএমকে দেখে আমার খারাপ লাগছে এই জন্য যে, ওদের আদর্শ বলে আর কিছু নেই। যদি ন্যূনতম আদর্শবোধ থাকত তাহলে ট্রেন লাইনের নীচে বোমা রেখে গুন্ডামি করত না।”

ইস্যুগুলিকে সমর্থন করলেও তিনি যে বাংলায় বনধ করতে দেবেন না তা আগেই হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছিলেন মমতা। সরকারি নির্দেশিকা জারি করে স্পষ্ট বলে দেওয়া হয় ধর্মঘটের দিন কাজে যোগ দিতেই হবে। নাহলে একদিনের বেতন ও চাকরির মেয়াদ থেকে একদিন কমবে।

মমতার এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী বলেন, “ওঁর আন্দোলন মানে তো বিধানসভা ভাঙচুর। এটা বাংলার মানুষ জানে।” যাদবপুরে ধর্মঘটের মিছিল থেকে গ্রেফতার হয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তাঁকে লালবাজারে আটক রেখেছে পুলিশ। সেখান থেকে সুজনবাবু বলেন, “মুখ্যমন্ত্রী এত দিন দূরবীন দিয়েও সিপিএমকে দেখতে পাচ্ছিলেন না। আজ পেয়েছেন। ওঁর কথায় স্পষ্ট রাজ্যে ধর্মঘট সর্বাত্মক।”

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন