‘সবাইকে এক গ্লাস জল দিন…’, তীব্র গরমে দেশবাসীকে আবেগঘন বার্তা মোদীর
deshersamay


দেশের একাধিক রাজ্যে পারদ চড়তেই জারি হয়েছে হিট ওয়েভের সতর্কতা। এই আবহে এক্স হ্যান্ডেলে পর পর পোস্ট করে সাধারণ মানুষকে হাইড্রেটেড থাকার, রোদে বাইরে না বেরোনোর এবং অসুস্থ বোধ করলে ওআরএস খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অবলা পশুপাখিদের জন্য বাড়ির বাইরে জল রাখার আর্জি জানিয়েছেন তিনি।

দক্ষিণ থেকে উত্তর— তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। বেলা বাড়লেই চড়চড় করে বাড়ছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার দিন এই গরম থেকে রেহাই মেলার কোনও সম্ভাবনা নেই। এমন এক চরম পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি মানবিক হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পর পর কয়েকটি পোস্ট করে সাধারণ মানুষকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর এই বার্তাকে কেন্দ্র করে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। গরমের আবহে মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘ভারতের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা মারাত্মক রূপ নিয়েছে। এই গরম আমাদের সবার জন্যই খুব কষ্টদায়ক। আমি আপনাদের সবাইকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি।’
Different parts of India are witnessing soaring temperatures and the challenges that come with it. This heat is harsh on all of us and I urge you all to take as many precautions as possible. Please stay hydrated, keep water with you when stepping out. Offer a glass of water to…
— Narendra Modi (@narendramodi) May 27, 2026
প্রধানমন্ত্রীর দেওয়া প্রধান পরামর্শগুলির মধ্যে রয়েছে হাইড্রেটেড থাকার বার্তা। তিনি বলেন, শরীর সতেজ রাখতে প্রচুর জল খান। বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে জলের বোতল রাখুন। পাশাপাশি, সহানুভূতির হাত বাড়াতেও বলেছেন তিনি। মোদী লিখেছেন, রাস্তায় কাউকে দেখলে এক গ্লাস জল এগিয়ে দিন। এই গরমে এইটুকু মানবিকতাও অনেক বড় বিষয়। এছাড়া, শিশু, বৃদ্ধ এবং যাঁরা রোদে বাইরে কাজ করেন, তাঁদের এই সময়ে বিশেষ যত্ন প্রয়োজন বলেও লিখেছেন তিনি।
নিজের পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, প্রিয়জনদের খোঁজ নিন। এই তাপপ্রবাহের মধ্যে বয়স্ক বাবা-মা, দাদু-ঠাকুমা বা অন্যান্য প্রিয়জনদের ফোন করে খোঁজ নিন। তাঁদের মনে করিয়ে দিন যেন দুপুরে রোদে বাইরে না বেরোন এবং পর্যাপ্ত বিশ্রাম নেন।

প্রধানমন্ত্রী জানান, মাথা ঘোরা, বমি বমি ভাব বা চরম ক্লান্তির মতো ‘হিট একজশন’-এর লক্ষণগুলির দিকে নজর রাখতে হবে। কেউ অসুস্থ বোধ করলে অবিলম্বে তাঁকে ছায়া রয়েছে এমন ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। জল এবং ওআরএস (ORS) খাওয়াতে হবে। মোদীর কথায়, ‘এই লক্ষণগুলি অবহেলা করলে তা হিটস্ট্রোকে রূপ নিতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।’
শুধু মানুষ নয়, এই তীব্র গরমে অবলা পশুপাখিদের কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই চরম গরমে আমাদের চারপাশে থাকা পশুপাখিদের কথাও মাথায় রাখুন। বাড়ির বাইরে, ব্যালকনি, ছাদ, দোকান বা অফিসের সামনে একটি ছোট পাত্রে জল রাখুন। তৃষ্ণার্ত পাখিদের জন্য ওটাই হতে পারে জীবনদায়ী। এই কঠিন সময়ে আমাদের চালিকাশক্তি হোক সহানুভূতি।’

প্রধানমন্ত্রীর এই পরামর্শের পরই আসরে নেমেছে বিরোধী শিবির। গরমের কষ্টকে হাতিয়ার করে মোদী সরকারকে চড়া সুরে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোশ্যাল মিডিয়ায় খাড়গে লেখেন, ‘আমরা এই গরম সহ্য করে নিতে পারি, কিন্তু দেশের সাধারণ মানুষ বিজেপির মূল্যবৃদ্ধির আগুনে ঘেমে নেয়ে যাচ্ছেন। মোদীজি, আপনার নিজের সরকারের এই লুটপাট নিয়ে কখনও কিছু বলবেন না?’
ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ‘হিট অ্যাকশন প্ল্যান’ চালু করা হয়েছে। সরকারি স্তরে ওআরএস প্যাকেট বিতরণ এবং কুলিং সেন্টার তৈরির কাজ চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জরুরি কাজ ছাড়া রোদে বেরোতে নিষেধ করছেন। হালকা পোশাক পরা এবং পর্যাপ্ত তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও।

