মালয়েশিয়ায় মোদীর রাজকীয় অভ্যর্থনা

0
7

ইন্দো–মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণার মধ্যেই দু’দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই সফরেই উঠে এল বাণিজ্যিক সঙ্গী হিসেবে ভারতের গুরুত্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বাড়তে থাকা বিশ্বাসযোগ্যতার প্রসঙ্গ।

কুয়ালালামপুরে ভারতীয় ডায়াসপোরার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো একাধিক দেশ ভারতকে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখছে। তাঁর কথায়, সাম্প্রতিক বিভিন্ন বাণিজ্যচুক্তিই সেই আস্থার প্রমাণ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বাসযোগ্যতাই ভারতের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। মোদী আরও দাবি করেন, মালয়েশিয়ার সঙ্গেও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। এই সম্পর্ককে আরও শক্ত করতে মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয় ডায়াসপোরাই সেতুর ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন তিনি।

দু’দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছে রাজকীয় অভ্যর্থনা পান ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালে এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাগত জানান মোদীকে। দুই রাষ্ট্রপ্রধানের সম্মানে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি ও ওডিসির মতো বিভিন্ন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতীয় ও মালয় ভাষার মধ্যে বহু মিল রয়েছে বলেই দুই দেশের মধ্যে বন্ধন এত দৃঢ়। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই তামিল জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তামিল সংস্কৃতি থেকেই অনুপ্রাণিত হয়ে মালয় ইউনিভার্সিটিতে থিরুভাল্লুভর চেয়ার চালু করা হয়েছে এবং ভবিষ্যতে থিরুভাল্লুভর সেন্টার তৈরি হবে, যা দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত করবে।

মালয়েশিয়ার প্রায় ৫০০টি স্কুলে শিশুদের ভারতীয় ভাষায় শিক্ষা দেওয়া হয়—সে কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতের সাফল্য আসলে মালয়েশিয়ার সাফল্য এবং সব মিলিয়ে তা এশিয়ার সাফল্য। ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে বার্তা দিয়ে মোদী বলেন, তাঁরা যেন তাঁদের মালয় বন্ধুদের নিয়ে ভারতে ভ্রমণে আসেন। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ যত বাড়বে, ততই দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভারত মালয়েশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যসঙ্গী। শুধু বাণিজ্যিক সম্পর্কই নয়, ২০২৫ সালে ১৫ লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক মালয়েশিয়া সফর করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের জন্যও তিনি গর্বিত বলে জানান।

Previous articleবুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে , প্রসেনজিতের বাড়ির সাক্ষাৎ নিয়ে বার্তা সুকান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here