ইদের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর মুখে SIR, নিশানায় প্রধানমন্ত্রী, বাংলার সম্প্রীতি অটুট থাকবে: অভিষেক

0
53

রেড রোডে পবিত্র ইদের নমাজ পাঠের অনুষ্ঠানে শনিবার সকালে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন অভিষেক। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলার সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

কোলকাতা খিলাফত কমিটি আয়োজিত রেড রোডে ঈদ এর নামাজ অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি গুলিতুলেছেন শুভাশিস রায় ।

SIR-এ বেছে বেছে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডের ইদের নমাজ পাঠের অনুষ্ঠান থেকেও এই ইস্যুতে আক্রমণ শানালেন তিনি। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করেই SIR-এ মুসলিমদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

এ দিন সকালে বৃষ্টির মধ্যেই রেড রোডে কলকাতা খিলাফত কমিটি আয়োজিত ইদের নমাজ পাঠের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইদের নমাজে যোগ দিতে আসা সবাইকে শুভেচ্ছা জানানোর পরে মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে SIR-এ বাংলার বহু মানুষের নাম বাদ যাওয়া নিয়ে অনুযোগ। বাদ যাওয়ার তালিকায় যে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের নাম রয়েছে সেই দিকে ইঙ্গিত করে তৃণমূল সুপ্রিমো বলেন,‘SIR-এ অনেকের নাম কেটে দিয়েছে। এ নিয়ে আমি কলকাতা থেকে দিল্লি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি। লড়াই করেছি। আমরা আমাদের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। মোদীজিকেও কেড়ে নিতে দেব না।’

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর দুবাই সফরকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘দুবাইয়ের মানুষ ভারতের মানুষের বন্ধু। আপনি  যখন দুবাই গিয়ে সেখানকার মানুষের সঙ্গে করমর্দন করেন, তখন কোনও ভেদাভেদ থাকে না। সেখানে হিন্দু-মুসলমান বলে কিছু নেই, কিন্তু ভারতে এলেই আপনার চোখে ভেদাভেদ তৈরি হয়। আপনারা বলেন—এটার নাম বদলাও, ওটার নাম বদলাও। আমি বলব—এগুলো বিভেদের রাজনীতি। আপনারাই সবচেয়ে বড় বিভাজন তৈরি করছেন। সবাইকে নোটিস পাঠানো হচ্ছে, এমনকি বাড়িঘর ছেড়ে দিতেও বলা হচ্ছে। সব ঘরবাড়ি দখল করে নেবে বিজেপি—এমনই অভিযোগ উঠছে। আপনারাই আসলে সবথেকে বড় অনুপ্রবেশকারী।’

ইদের অনুষ্ঠান থেকে এদিন আবারও বিজেপি দলকে ‘দুষ্কৃতী ও গুন্ডাদের দল’, ‘বিশ্বাসঘাতকদের দল’ বলে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী । তবে নাম বাদের প্রশ্নে সবাইকে আশ্বাস দিয়ে মমতা বলেন, ‘আমি আশা করি, মানুষের সম্মান রক্ষা করা হবে। যদি আপনাদের কারও নাম না থাকে চিন্তা করবেন না। বাংলার সব নাগরিক, সব সম্প্রদায়, সব জাতি-ধর্ম নির্বিশেষে—আমরা আপনাদের পাশে আছি। সবাই একটি পরিবারের সদস্য হিসাবে এই লড়াই চালিয়ে যাব। আমাদের একটাই কাজ—ঐক্যবদ্ধ থাকা। আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। সারা বিশ্বের জন্য শান্তি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দিতে চাই।’

এদিন ইদের অনুষ্ঠানে অভিষেক বলেন, ‘বাংলার সৌভ্রাতৃত্ব বোধ আগামী দিনেও বজায় রাখুন। যে কোনও উৎসব বা পরব তিন-চারটে জিনিস শেখায়। ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আর সততা। এগুলিই মনুষ্যত্বের ধর্ম। তা বজায় রাখতে হবে।’

একদল লোক বাংলার এই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ‘ভাইদের বিরুদ্ধে ভাইদের লড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। রমজানে রাম আছেন, তো দিওয়ালিতে আলি আছেন। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। এটাই দেশের সংস্কৃতি।’

বাংলার এই সম্প্রীতিকে নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আক্রমণও শানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। এ নিয়ে তিনি বলেছেন, ‘যাঁরা ভাবছেন নাম কেটে এই দেশ থেকে তাড়িয়ে দেবেন, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেবেন, তাঁদের বলছি, গলা কেটে গেলেও ঝুঁকব না।’ এই প্রসঙ্গে রাহাত ইন্দোরির কয়েকটি লাইনও উদ্ধৃত করেন তিনি।

এর পরেই বিভেদ সৃষ্টিকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছেন, ‘যাঁরা হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে নামাচ্ছেন এবং মুসলমানকে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে নামাচ্ছেন, তাঁরা যতই শক্তি লাগান, বাংলার সৌভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি অটুট থাকবে। কেউ বলে হিন্দু বিপদে আছে, কেউ বলে মুসলিম বিপদে আছে। আমি বলছি ধর্মের চশমা খুলে দেখুন পুরো হিন্দুস্তান বিপদে রয়েছে। আমি আশা করব, আপনাদের পরিবার খুব ভালো থাকুক। যে ভাবে আমরা বাংলার সৌভ্রাতৃত্ববোধ অটুট রেখেছি, আগামী দিনেও তা অক্ষুণ্ণ রাখব।’

Previous articleবিকশিত ভারত গড়তে মতুয়া সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠাকুরনগর মতুয়াধামে পুজো দিয়ে বললেন রাজ্যপাল আর এন রবি  : দেখুন ভিডিও
Next articleমন্দিরে মন্দিরে পুজো দিয়ে জোর কদমে প্রচার শুরু করেছেন  গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস , জামানত জব্দ হবে বললেন সুব্রত ঠাকুর : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here