আজই পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা, ক’টি দফা এবারের লক্ষ্য ? বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক কমিশনের
deshersamay

আজ, রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ (West Bengal Election 2026), অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে।


পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের
নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে পারে। এদিন বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই ভোটের দিনক্ষণ জানানো হবে বলে সূত্রের খবর।
দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই সাংবাদিক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, এ বার পশ্চিমবঙ্গে আগের তুলনায় অনেকটাই কম হতে পারে। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় বা সাত দফায় ভোট হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। তবে এবার সর্বাধিক দুই বা তিন দফাতেই ভোটপর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি। প্রথম দফার ভোট হতে পারে নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিলের পর।

যদিও দফা কমলেও নিরাপত্তার ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ইতিহাস মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি ভোট পর্যবেক্ষকদের সংখ্যাও বাড়ানো হতে পারে। কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোই তাদের প্রধান লক্ষ্য।

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও রবিবার ঘোষণা হবে। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে প্রায় সব দলই কম দফায় ভোটের দাবি জানিয়েছিল। বিরোধীরা এক বা দুই দফায় ভোট চেয়েছিল বলে সূত্রের খবর।

এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর ভিত্তিতে তৈরি অসম্পূর্ণ ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।
