Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অবশেষে স্বস্তি ,অশান্তির আবহে ইরান থেকে প্রথম দফায় দেশে ফিরলেন ভারতীয়রা

deshersamay

Share article:

ইরানে ক্রমবর্ধমান বিক্ষোভ ও অস্থির নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ভারত সরকার সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিল।তার কয়েক দিনের মধ্যেই শুক্রবার গভীর রাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরলেন একাধিক ভারতীয় নাগরিক। বিমানবন্দরে ধরা পড়ল উৎকণ্ঠা এবং স্বস্তির ছবি।

ইরানে খামেনেই সরকারের  বিরুদ্ধে বিক্ষোভ ও অশান্তির আবহে প্রথম দুটি বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন ভারতীয় নাগরিকরা । শুক্রবার গভীর রাতে ওই দুটি বিমান দিল্লিতে অবতরণ করে। তবে এই ফ্লাইটগুলি কোনও আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অভিযানের অংশ নয় বলেই জানিয়েছে সরকারি সূত্র।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনও জরুরি অবস্থার জন্য ভারত প্রস্তুত। এর আগেই ইরানে অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক ।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ইরানের আকাশসীমা  সাময়িকভাবে বন্ধ থাকায় ভারত-ইরান রুটের একাধিক বিমানের সময়সূচিতে প্রভাব পড়ে। যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছে। আকাশপথ খুলতেই বহু ভারতীয় দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইরানে থাকা ভারতীয় ছাত্র, পর্যটক ও কর্মীরা। এক এমবিবিএস ছাত্রী জানান, বিক্ষোভের কথা শুনলেও তিনি সরাসরি কোনও অশান্তি দেখেননি। তবে ইন্টারনেট পরিষেবা (Internet) পুরোপুরি বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এক মাস ধরে ইরানে থাকা আরেক ভারতীয় নাগরিক বলেন, “শেষ দু’সপ্তাহে সমস্যাটা বেশি হচ্ছিল। রাস্তায় বেরোলেই বিক্ষোভকারীরা গাড়ির সামনে এসে পড়ত। ইন্টারনেট না থাকায় পরিবার বা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। খুব উদ্বেগে ছিলাম।”

আরও একজনের বক্তব্য, তাঁর ক্ষেত্রে বড় সমস্যা ছিল শুধু নেটওয়ার্ক বিভ্রাট । পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি।

দেশে ফিরে সকলেই ভারত সরকার ও তেহরানের ভারতীয় দূতাবাসের ভূমিকার প্রশংসা করেছেন। সংকটের সময়ে ভারতীয় দূতাবাস নিয়মিত পরামর্শ জারি করে তীর্থযাত্রী, পর্যটক, ছাত্র ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখে বলে জানিয়েছেন ওই ভারতীয়রা।

বিদেশ মন্ত্রক ও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের জারি করা পরামর্শ অনুযায়ী ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ ভারতীয় নাগরিকদের জরুরি পরিবহণ ব্যবস্থার মাধ্যমে ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

সরকার জানায়, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় খামেনেই সরকারের বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, গত দু’সপ্তাহে হিংসাত্মক দমন-পীড়নে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান সরকারের মধ্যে পাল্টা হুমকি যুদ্ধ পরিস্থিতির আশঙ্কাও তৈরি করেছিল।

তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের সুর কিছুটা নরম হওয়ায় এবং নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় উত্তেজনা কমেছে বলে মনে করা হচ্ছে।

সরকারি হিসেব অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র ও বিদেশ মন্ত্রক। প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

সব মিলিয়ে, অশান্তির ছায়া কাটতে শুরু করলেও ইরান পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন