আর জি কর মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ‘সত্যকে চাপা যায় না’, বললেন মুখ্যমন্ত্রী

0
12

আরজি কর কাণ্ডে আরও এক গুরুত্ব পূর্ণ পদক্ষেপ শুভেন্দুর সরকারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিলেন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর অভিযোগ, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দীপের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি দেওয়া হচ্ছিল না। অবশেষ সেই অনুমতি দিল শুভেন্দুর গেরুয়া সরকার।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সোমবার এক নির্দেশিকায় জানানো হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া (RG Kar Sandip Ghosh prosecution) শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি বা ‘স্যাংশন’ দিয়ে দেওয়া হয়েছে (Sandip Ghosh corruption case sanction)। অর্থাৎ, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) বা ইডি (ED) তাঁর বিরুদ্ধে আদালতে পূর্ণাঙ্গ আইনি পদক্ষেপ করতে পারবে (RG Kar financial irregularities)।

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক – এমনটাই বার্তা দিলেন তিনি।  

আর জি কর হাসপাতালের প্রয়োজনে বিভিন্ন কেনাকাটা এবং পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। টালা থানায় নথিভুক্ত হওয়া অভিযোগ এবং পরবর্তীকালে সিবিআই-এর এসিবি (Anti-Corruption Branch) শাখার তদন্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ উঠে আসে।

তদন্তে উঠে এসেছে, দুর্নীতির জাল ছড়িয়ে ছিল বেশ কয়েকটি ভুঁইফোড় সংস্থাতেও। মা তারা ট্রেডার্স, এশান ক্যাফে এবং খামা লৌহ-র মতো সংস্থাগুলির মাধ্যমে সরকারি কোষাগারের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন আইন (Prevention of Corruption Act) এবং ভারতীয় দণ্ডবিধির ১২০বি ও ৪২০ ধারায় তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

নবান্নের এই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্পেশাল সেক্রেটারি ডঃ অমিত দান রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানিয়েছেন। নথিতে বলা হয়েছে – রাজ্যপাল সমস্ত নথিপত্র, এফআইআর (FIR) এবং মামলার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর আর জি কর-এর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে বিচার প্রক্রিয়া চালানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

এর আগে সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদ থেকে সরানোর বিষয়েও একই ধরনের কঠোর অবস্থান নিয়েছিল রাজ্য। এবার তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়াতে সিলমোহর দিয়ে নবান্ন বুঝিয়ে দিল, দুর্নীতির ক্ষেত্রে সরকার কোনও আপস করতে রাজি নয়।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ”আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত ৯ অগস্ট ২০২৪ সালে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর.জি. কর-এর সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডি-কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হল।

বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক। বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি।”

দীর্ঘদিন ধরেই আর জি কর মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষের একাধিপত্য নিয়ে সরব ছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। হাসপাতালের মৃতদেহের ব্যবসা থেকে শুরু করে ল্যাবরেটরির সরঞ্জাম কেনা— প্রতিটি ক্ষেত্রেই আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’ (PMLA Act)-এর মামলাও রুজু করেছে। নবান্নের এই ‘প্রসিকিউশন স্যাংশন’ পাওয়ার পর কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তের গতি আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই নির্দেশিকাটি ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সল্টলেকের সিজিও কমপ্লেক্স দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে আইনি গেরো যে সন্দীপ ঘোষের জন্য আরও শক্ত হচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Previous articleSona Pappu Arrest:  ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে ইডির হাতে গ্রেফতার হলেন ‘সোনা পাপ্পু’
Next articleKalbaishakhi কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here