SIR: প্রকাশিত এনুমারেশনের পর খসড়া তালিকায় কাদের নাম বাদ গেল,  তালিকায় আপনি নেই তো!

0
191

মাসখানেকের উৎকণ্ঠা শেষে অবশেষে সামনে এল SIR খসড়া ভোটার তালিকা। SIR-এ সবচেয়ে বড় সংশয় কার নাম থাকছে আর কার নাম বাদ গেল। সেই সংশয় কাটবে এই খসড়া ভোটা তালিকাতেই। কাদের নাম আছে খসড়ায় আর কাদের নাম বাদ গেল তা সবটাই জানা যাবে CEO-র ওয়েবসাইটে প্রকাশিত তালিকায়।

২০২৬-এর নির্বাচনের আগে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ যাচ্ছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। মঙ্গলবার সকালে নাম বাদের তালিকা প্রকাশিত হল।
ceowestbengal.wb.gov.in/asd_sir
এই ওয়েবসাইটে লগইন করলেই আপনি জানতে পারবেন, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেছে কিনা।


কীভাবে আপনার নাম দেখবেন-
অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই তালিকা দেখা যাবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে (WB CEO Website) দেখা যাবে। সেখানে আপনার নাম ও ভোটার কার্ডের নম্বর দিলেই আপনি দেখতে পাবেন এই তালিকা।

ceowestbengal.wb.gov.in/asd_sir এই ওয়েবসাইটে লগইন করলেই জানা যাবে ভোটার তালিকা থেকে নাম বাদের তালিকায় আপনার বা আপনার আত্মীয়দের কারও নাম আছে কি না। এ ছাড়া খসড়ায় কাদের নাম রইল সেই তালিকাও প্রকাশ করেছে কমিশন। তা দেখতে হলে যেতে হবে কমিশনের ওয়েবসাইটে অথবা ক্লিক করুন এই লিঙ্কে- https://www.eci.gov.in/
https://ceowestbengal.wb.gov.in/

রাজ্যের সব বিএলও-র (BLO) কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। নিজের বুথের বিএলও-র কাছে গিয়ে ভোটারেরা যাচাই করতে পারবেন তালিকায় নাম রয়েছে কি না। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকতে বলা হবে।

এ ছাড়া রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফ্ট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) হাতেও দেওয়া হবে হার্ড কপি। তাঁদের কাছ থেকেও ভোটারেরা তথ্য জানতে পারবেন।

মূলত তিনটি কারণেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বলেই জানিয়েছিল কমিশন। সেগুলি হল-
মৃত
স্থানান্তরিত
ডুপ্লিকেট
কমিশন জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সেই সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন হলে শুনানিতে ডাকা হবে ভোটারদের। সব প্রক্রিয়া শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে (2002 Voter List) নাম নেই বা সেই ভোটার তালিকায় বাবা, মা, দাদু, দিদা বা পরিবারের কারও নাম নেই, এমন ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩ জনকে শুনানিতে ডাকা হতে পারে। যাদের বয়স ৪৫ বছরের বেশি এমন ২০ লক্ষ ৭৪ হাজার ২৫৬ জনকেও নোটিস দিয়ে ডাকা হবে।

৪৫ বছর কেন? কারণ, যাঁদের বয়স এখন ৪৫ তাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার কথা। ২৩ বছর আগে শেষ বার এসআইআর হয়েছে রাজ্যে। কারও বয়স এখন ৪৫ হলে ২০০২ সালে তাঁর বয়স ছিল ২২ বছর। ১৮ বছর বয়সে ভোটার তালিকায় নাম ওঠার কথা। কিন্তু ৪৫ বছর বয়স হলেও যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না বা ২০০৬ সালে বিধানসভা ভোটের সময়ও যাঁদের নাম ভোটার লিস্টে ওঠেনি, তাঁদের নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে।

এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র ১৫ বছর। একইভাবে বাবার সঙ্গে বয়সের ফারাক ৫০ বছর এমন ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৭ হাজার ৭৩৬।

খসড়া তালিকা (SIR Draft List) প্রকাশের পরই হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। তবে কমিশন সূত্রে বলা হচ্ছে, হেয়ারিংয়ে ডাকা মানেই নাম বাদ পড়বে এমন কোনও বিষয় নেই। যাদের ডাকা হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রেই টেকনিক্যাল সমস্যার জন্য তথ্যগত ভুল থাকতে পারে। তবে যাদের নথি সংক্রান্ত সমস্যা থাকবে অর্থাৎ প্রয়োজনীয় নথি দাখিল করতে পারবেন না তাদের নাম বাদ যাবে।

অন্যদিকে, খসড়া তালিকায় (Draft List) নাম থাকলেই যে চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এমনটা নয়। Logical Discrepancies রয়েছে (যে সাতটি অসঙ্গতি ধরা পড়েছিল) এমন ভোটারদের প্রায় সকলকেই শুনানিতে ডাকা হবে। তাছাড়া আনম্যাপড (প্রায় ৩০ লক্ষ) যারা, তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। তবে খসড়া তালিকায় নাম না থাকলেই যে সব গেল গেল এমনটাও নয়। যদি সব নথি সঠিক থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না ওঠে, তাহলে ৬ নম্বর ফর্ম (name inclusion) ফিলআপ করে জমা দিতে হবে (SIR News)।

গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিন ক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কমিশন জানিয়েছে, মোট ভোটারের নামে এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। তাঁদের প্রত্যেকের কাছেই ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ স্তরের অফিসার(বিএলও)-রা।

রবিবার পর্যন্ত মোট ভোটার থেকে নাম বাদ পড়েছে ৫৮,২০,৮৯৮ জনের। বাকিদের নাম খসড়া তালিকায় ওঠার কথা। কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মে কেবলমাত্র সই করে জমা দিলেও খসড়া তালিকায় নাম উঠবে। সেই অনুযায়ী প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম খসড়ায় থাকার কথা। চূড়ান্ত তালিকায় নাম ওঠার আগে তাঁদের তথ্য যাচাই করবে কমিশন।

Previous articleনৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া , মনের আনন্দে নাচলে কী কী উপকার হবে, সাক্ষাৎকারে জানালেন নৃত্য শিল্পী বৈশালী: দেখুন ভিডিও
Next articleমমতাকে চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপের!পদত্যাগপত্র কি গৃহীত? কী জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here