গতিপথ বদলে পুরীর দিকে এগচ্ছে ‘আকভান’, সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, রেহাই নেই বঙ্গের
deshersamay


স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও বঙ্গে দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝে ঘূর্ণিঝড় ‘আকভান’। সেই সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এমনকী, দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে। এ ছাড়াও, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলবর্তী এলাকার জন্য। সেখানে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

একই সঙ্গে আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।
বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এমনকী, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবারও। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কথা ছিল অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। সেই মতো প্রস্তুতি নিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার। বৃষ্টির পূর্বাভাস ছিল ওড়িশা ও বাংলাতে। কিন্তু বুধবার রাতে গতিপথ বদলে ফেলে ঘূর্ণিঝড় ‘আকভান’। অন্ধ্রের বদলে এটি এগিয়ে যায় ওড়িশার দিকে। বর্তমান গতিপথ বলছে, এটি শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার ওড়িশাতেই আছড়ে পড়ার কথা।

এর জেরে বুধবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে পুরী ও সংলগ্ন এলাকায়। ওড়িশার প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলছে। পুরীতে বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি। আবহাওয়ার গতিবিধি লক্ষ্য করে পুরীর গুণ্ডিচা-সহ দু’টি মন্দির পুণ্যার্থী দর্শনের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে। ২২ তারিখ থেকে পরিস্থিতি বুঝে খুলে দেওয়া হবে।

মৌসম ভবনের ১৯ নভেম্বরের ভোরের বুলেটিন অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘আকভান’। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে এটি। উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শেষ পর্যন্ত ২০ নভেম্বর দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে ঢোকার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।

এদিকে, এতকিছুর মধ্যেই স্বস্তির কথা শুনিয়েছেন আবহবিদরা। আকভান পুরীর দিকে এগিয়ে এলেও আর শক্তি বাড়ানোর তেমন কোনও সম্ভাবনা নেই। এর জন্য তাঁদের ব্যাখ্যা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে উত্তর দিক থেকে শুষ্ক ঠান্ডা বাতাস বইছে। ঘূর্ণিঝড়ের মধ্যে সেটি ঢুকে পড়লে, ঘূর্ণিঝড় আর শক্তি বাড়াতে পারে না। বেশি ঢুকে পড়লে আছড়ে পড়ার আগেই শক্তি পুরোপুরি হারিয়ে ফেলতে পারে। ফলে এক্ষেত্রেও খুব বেশি শক্তি বাড়ানোর আর পরিস্থিতি নেই।
