বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরানোর নির্দেশ ওড়িশার, সজাগ অন্ধ্রও
deshersamay
পূর্বাভাস আগেই ছিল, সেই মতোই মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে শক্তি বাড়িয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পরে শুক্রবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই ঝড়ের। ঘূর্ণিঝড় ‘আখভান’ বাংলায় সরাসরি প্রভাব না ফেললেও, বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ‘অ্যাকভানের’ দাপট সামলাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ।

আগামী শুক্রবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং টুনির মাঝামাঝি কোথাও আছড়ে পড়তে পারে ‘অ্যাকভান’। দুর্যোগের আশঙ্কায় আধিকারিকদের সতর্কতামূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। যে সব এলাকায় দুর্যোগের সম্ভাবনা বেশি, সেখানে আগে থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্ধ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সজাগ রয়েছে ওড়িশা সরকারও।

উপকূলীয় অঞ্চলে ৭৪টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে ওড়িশার প্রশাসন। ঘূর্ণিঝড়ের দাপটে ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ‘অর্ণবের’ সময়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, ততটা এ বারে না হওয়ারই সম্ভাবনা বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপের জন্য গঞ্জাম, গজপতি, কন্ধমল, রায়গড়, কোরাপুট, মলকানগিরির কিছু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। ওই এলাকাগুলিতে ত্রাণশিবির চালু কারার জন্যও বলা হয়েছে। আপাতত ওড়িশায় এনডিআরএফের ১৪টি দলের পাশাপাশি সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীরও ৬০টি দল মোতায়েন রাখা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার সকালের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘অ্যাকভান’। তার পরে শুক্রবার দুপুরের দিকে আছড়ে পড়তে পারে অন্ধ্রের উপকূলে। সে সময়ে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। কখনও কখনও ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও বইতে পারে হাওয়া।

ঘূর্ণিঝড়ের ধাক্কা সামাল দেওয়ার জন্য সোমবারই একটি প্রস্তুতি বৈঠক সেরেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। পরে অন্ধ্রের সরকার একটি বিজ্ঞপ্তিতে জানায়, আগামী বৃহস্পতি এবং শুক্রবার অন্ধ্রের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর-সহ বেশ কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। সেই মতো আধিকারিকদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছেন চন্দ্রবাবু।
ওড়িশাতেও আপাতত অতি ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই। ভুবনেশ্বরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত ওড়িশার কিছু জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা, কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভুবনেশ্বরের হাওয়া অফিসের ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেন, “ঘূর্ণিঝড় অর্ণবের যতটা প্রভাব পড়েছিল ওড়িশার উপরে, অ্যাকভানের ততটা প্রভাব পড়ার সম্ভাবনা কম। আমরা এ বারে অতি ভারী বর্ষণের কোনও লাল সতর্কতা জারি করিনি।” একই কথা বলছেন মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্রও। তিনি জানান, ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অর্ণবের সময়ে যেমন অতি ভারী বৃষ্টি হয়েছিল, তেমনটা হবে না।
একনজরে
মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় ‘আখভান’।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি।
শুক্রবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলায় সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
কলকাতায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
