এবার মমতা দিদির বাড়িতে ভাইফোঁটা হচ্ছে না! জানিয়ে দিলেন বিধায়ক কুণাল
deshersamay

নিজের বাড়িতে ভাইফোঁটা পালন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের জন্য কোনও অনুষ্ঠান হচ্ছে না হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতার বাড়িতে। মঙ্গলবার রাতে মমতার দূত হয়ে সমাজমধ্যমে একথা জানিয়ে দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

সমাজমাধ্যমে কুণাল লিখেছেন, ‘মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না। এর আগে বিজয়া পালন করেননি। এবার ভাইফোঁটাও পালন করবেন না।’ কেন তার ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। তিনি লেখেন, ‘ভোটের পর থেকে তৃণমূলকর্মীদের উপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেফতার চলছে, তার পরিপ্রেক্ষিতে এবার বিজয়া পালন করেননি মমতাদি। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না। তাই মায়ের পুজো করেছেন। কিন্তু ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না। কেউ দেখা করতে আসতে পারেন। কিন্তু দিদি এবার ফোঁটার অনুষ্ঠান করবেন না। এনিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।’

এবার মমতার বাড়ির কালীপুজো ছিল ৪৯তম বর্ষ। অর্থাৎ সময় বলে দিচ্ছে যে, বাম জামানায় মমতা যখন বিরোধী নেত্রী, তখনই তিনি বাড়িতে কালীপুজো শুরু করেছিলেন। তবে গত ১৫ বছরে মমতার বাড়ির কালীপুজো শুধু তৃণমূল দল নয়, প্রশাসনের মধ্যেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

কালীপুজোয় কারা মমতার বাড়িতে যাচ্ছেন, কারা কোন অংশে থাকছেন, কোন কোন আমলা বা পুলিশকর্তারা মমতার ঘনিষ্ঠ বৃত্তে পুজোর সময় থাকতে পারছেন, যখন যজ্ঞ হচ্ছে কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পারছেন, এই সবই ছিল ‘সূচক’। যে সূচকে মাপা হত, দল বা প্রসাশনে কারা মমতার আস্থাভাজন। অনেকে বহু চেষ্টা করেও ‘ক্লোজ সার্কিট’-এ পৌছতে পারতেন না। তা নিয়ে তাঁদের আক্ষেপও কম ছিল না।

তবে এবার ক্ষমতা হারানোর পর প্রথম কালীপুজোয় সে সব কর্পূরের মতো উবে গিয়েছে। দেখবার বিষয় ছিল ভাইফোঁটায় কী হয়। কারণ দিদির হাতে কারা ফোঁটা পাচ্ছেন, তাও ছিল তৃণমূলের অন্দরের অন্যতম আলোচ্য বিষয়। কিন্তু সেই ফোঁটার দুয়ারেই কাঁটা দিয়ে দিলেন মমতা।

