দেশে ফিরতে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আবেদন হাসিনার, এবার কি ফেরার প্রক্রিয়া শুরু? কী বলছে ঢাকা?
deshersamay

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের অফিসের কাছে আবেদন করেছেন। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আগেই ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরতে চান। তাঁর হয়ে লন্ডনের একটি ল ফার্ম বাংলাদেশ হাই কমিশনের কাছে তাঁর দেশে ফেরার নথিপত্র চেয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় জানান, শেখ হাসিনাকে পাসপোর্ট ফেরানো হবে না। দেওয়া হবে না কোন ট্রাভেল ডকুমেন্ট। তাঁকে একজন ফেরার আসামি হিসেবে ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে সমর্পণ করলে তবেই তিনি দেশে ফিরতে পারবেন। রবিবার একই কথা বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
২০২৪-এর ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে আসার পর এই প্রথম শেখ হাসিনার তরফে বাংলাদেশ সরকারের কাছে কোনও লিখিত আবেদন করা হল।
হাসিনা ভারতে আসার কয়েক দিন পরেই বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট যা রেড পাসপোর্ট নামে পরিচিত এবং জাতীয় নাগরিক পরিচয় পত্রটি বাতিল করে দেয়।

এখন এমন এক সময় তিনি পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করলেন যখন বাংলাদেশ সরকার তা দিতে অস্বীকার করেছে।
গত তিন মাসে শেখ হাসিনা একাধিক সাক্ষাৎকারে বারে বারে বলেছেন মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই তিনি দেশে ফিরতে চান। তিনি দেশে আদালতের কাছে ন্যায় বিচার চাইবেন। গত বছর ১৭ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনা এবং তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া একাধিক মামলায় হাসিনার প্রায় ৪০ বছর কারাবাসের সাজা হয়ে ছে।
তাঁর বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আওয়ামী লিগের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, লন্ডনের ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের অফিসে সোমবার সকালে শেখ হাসিনার আবেদন পৌঁছে দেন।
আবেদনে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানতে পেরেছে ন। এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। দুদিন আগেই দ্য ওয়াল-এ প্রচারিত ভিডিওতে বলা হয়েছিল বাংলাদেশের সংবিধান এবং অন্তত দুটি আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনা পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই স্বদেশে ফিরতে পারেন। বাংলাদেশের সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেদেশের কোন নাগরিকের বিদেশ থেকে দেশে ফিরতে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক রাজনৈতিক ও নাগরিক অধিকার সনদ এবং হিউম্যান রাইটস কাউন্সিলের বিধান অনুযায়ী কোনও দেশের নাগরিক বিনা বাধায় নিজের দেশে ফিরতে পারেন। অন্তর্বর্তী সরকার হাসিনার জাতীয় নাগরিক পরিচয় পত্রটি বাতিল করলেও নাগরিকত্ব খারিজ করেনি।
প্রত্যর্পণের দাবি বাংলাদেশের
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তাঁর দাবি, “আমরা চাই হাসিনাকে হস্তান্তর করা হোক। তিনি একজন সন্ত্রাসবাদী। পলাতক। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে।” নতুন পাসপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা উচিত।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হাসিনার আইনজীবীরা নয়া দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন ভ্রমণ ও পরিচয়পত্রের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। লন্ডন ভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে ওই চিঠি পাঠানো হয়েছে। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম এ ধরনের যোগাযোগ করলেন হাসিনা।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছিল। সেই কারণে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি, আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত চুক্তির আওতায় বাংলাদেশের যে দায়িত্ব রয়েছে, তার উল্লেখ করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আর্জিও জানানো হয়েছে।
কেন বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা?
২০২৪ সালের অগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কয়েক সপ্তাহের আন্দোলন ক্রমে দেশজুড়ে গণবিক্ষোভের চেহারা নেয়। শেষ পর্যন্ত ২০ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। গত দুই বছর ধরে ভারতেই থাকছিলেন। সম্প্রতি, হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।
তবে দেশে ফিরলে একাধিক আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর তাঁর সরকারের দমন-পীড়নের অভিযোগে এই সাজা দেওয়া হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। তাঁর দাবি, বাংলাদেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করবেন।
এদিকে, হাসিনার দল আওয়ামী লিগকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তাঁর সরকারের পতনের পর দলের একাধিক নেতা ও সমর্থক গ্রেফতার হয়েছেন। অনেকে আবার ভারত-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে অনড় বাংলাদেশ
হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ায় দেশে ফেরানোর পক্ষেই সওয়াল করছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রশ্ন, যে ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর দাবি জানানো হচ্ছে, তাঁর জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন কী?
‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, কবির বলেন, “তিনি কি রংপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে? সন্ত্রাসবাদী ও অপরাধীদের গ্রেফতার করতে পাসপোর্টের প্রয়োজন হয় না। এটি হস্তান্তরের বিষয়, এর জন্য বিচারবিভাগীয় প্রক্রিয়া রয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক পথেই হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে, ঢাকার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে আগেই জানিয়েছিল নয়া দিল্লি।

