বিকেল পর্যন্ত সাবধান, কলকাতায় মুষলধারে বৃষ্টির মাঝেই ‘বড়’ সতর্কবার্তা মৌসম ভবনের,দুর্যোগ আর ক’দিন?
deshersamay

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে রয়েছে। ধীরে ধীরে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও।

দফায় দফায় মুষলধারে বৃষ্টি। বুধবার মধ্যরাত থেকেই ঝড়বৃষ্টির দাপট শুরু বাংলায়। বৃহস্পতিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে মিলবে না রেহাই। আগামী কয়েক ঘণ্টায় আরও ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে গোটা রাজ্যে?
মৌসম ভবন জানিয়েছে, গতকাল রাত ১১টা থেকে মধ্য রাত একটার মধ্যে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমের কাছাকাছি উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। সেই সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছিল। সঙ্গে ভারী বৃষ্টি।

বুধবার বেশি রাতের দিকে অন্ধ্রের কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। সে সময়ে উপকূলরেখার আশপাশে হাওয়ার গতি ছিল ৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোনও কোনও এলাকায় ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়াও বয়েছে। বর্তমানে গভীর নিম্নচাপটি রয়েছে বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করার পর এটি বর্তমানে স্থলভাগে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আজ ভোর সাড়ে পাঁচটা থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর অবস্থান। ভোর সাড়ে পাঁচটা থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাংলাতেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি। সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামিকাল, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামিকাল, শুক্রবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
