১৭ বছর পর শুরু হল হাবড়া ফুটবল লিগ
deshersamay


দেশের সময় :দীর্ঘ ১৭ বছর পর হাবড়া সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শুরু হলো হাবড়া ফুটবল লিগ ২০২৬। হাবড়া স্টেশন সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হলো উদ্বোধনী ম্যাচ।উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছিল কিশোর সংঘ, বিড়া ও ভারতী সংঘ।

হাবড়া টাউন ক্লাব, হাঁটথুবা যুব সমিতি, পাইরগাছি মিলন সংঘ, প্রগতি সংঘ, স্বামী বিবেকানন্দ আদিবাসী সংঘ ও লোকনাথ সেবা সমিতি । মোট আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথমে লিগ এবং দুটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি করে দল পরবর্তী নকআউট পর্যায়ে অংশগ্রহণ করবে। অর্থাৎ এটি লিগ কাম নক আউট পদ্ধতিতে হবে।

সম্প্রতি বিভিন্ন মহকুমা ও জেলা ফুটবল লিগের খেলা গুলি সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারছে না ঠিক সেই সময় ১৭ বছর পর একটি জোনাল অ্যাসোসিয়েশনে ( হাবরা সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশন) দীর্ঘ ১৭ বছর সমস্ত খেলাধুলা বন্ধ থাকার পর শুরু হওয়াটা উত্তর ২৪ পরগনার খেলার জগতে অত্যন্ত সদর্থক একটি বার্তা বহন করছে বলা যেতে পারে।

হাবড়ার জনপ্রিয় বিধায়ক দেবদাস মন্ডল এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তত্ত্বাবধানে নতুন কমিটি করে দেওয়া হয়। যার সভাপতি ক্রীড়া জগতের অন্যতম নাম শুভঙ্কর ঘোষ। তিনি তার যোগ্য সহযোগীদের নিয়ে এই মহৎ উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তোলেন। তিনি বলেন আগামী দিন এই স্পোর্টস অ্যাসোসিয়েশন সমস্ত খেলাধুলো পরিচালনা করবে এবং হাবড়ার বুকে পুরনো খেলার মাঠ কে ফিরিয়ে দেবেন। এ ব্যাপারে তিনি আরও জানান, বিধায়কের সমস্ত রকম সহযোগিতা পাওয়াতে খুশি অ্যাসোসিয়েশনের সদস্যরাও।


রবিবার উদ্বোধনী খেলায় মাঠে উপস্থিত ছিলেন ভারতবর্ষের খ্যাতনামা প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত ও রঞ্জিত মুখার্জি । এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রেফ্রিজ এসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার।

প্রথম দিনের খেলা শুরু হয় ৩. ৫৫ মিনিটে এবং প্রথমার্ধে শান্তনু দাস ও দীপ সরকার এর করা দু – গোলে এগিয়ে যায় ভারতী সংঘ। প্রথম গোলটি ডান দিক থেকে আশা সেন্টারে অসাধারণ হেড করে গোল করেন শান্তনু দাস।

দ্বিতীয় অর্ধে আরও একটি গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন শান্তনু সেন। এদিন সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন শান্তনু সেন। সেরা খেলোয়াড় নির্বাচন করেন মাঠে উপস্থিত সৌরজিৎ দাস । যাকে ফুটবল জগত পল নামেই চেনেন সকলে। শান্তনু দাশের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন স্বপন সেনগুপ্ত ও রঞ্জিত মুখার্জি।

হাবড়ার বিধায়ক দেবদাস মন্ডল বলেন, খেলার জগতের মানুষরাই খেলাগুলি পরিচালনা করবে যা উপস্থিত ক্রীড়া প্রেমী মানুষের মনে একটি দাগ কেটে যায়।
হাবড়া সেন্টার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার এই মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে ৪ দলীয় মহিলা ফুটবল নকআউট টুর্নামেন্ট। ঐদিন হাবড়ার সমস্ত ক্রীড়া প্রেমী মানুষের উপস্থিতির জন্য আবেদনও জানান বিধায়ক ।

