Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গখেলাউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব
Breaking News

বর্তমানকে শোকজ জারি নবান্নের, জবাব দিতে হবে ৩ দিনের মধ্যে , কী কী অভিযোগ সামনে এলো ?

deshersamay

Share article:

সল্টলেকে বর্তমান ম্যাগাজিনস প্রাইভেট লিমিটেডের দখলে থাকা লিজপ্রাপ্ত জমির ব্যবহার নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে শোকজ নোটিস পাঠাল রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। নোটিসে অভিযোগ, লিজ চুক্তির একাধিক শর্ত ভঙ্গ করা হয়েছে। এমনকি নির্ধারিত উদ্দেশ্যের বাইরে জমি ও ভবনের বিভিন্ন অংশ ব্যবহার, অনুমতি ছাড়া ভাড়া দেওয়া এবং সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রেখে ঋণ নেওয়ার মতো অভিযোগও আনা হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন জারি হওয়া এই নোটিসে বলা হয়েছে, সল্টলেকের সেক্টর-১-এর ডিকে-০৩ প্লটে ৩১.৩১৬২ কাঠা জমি ১৯৯১ সালে আধুনিক প্রিন্টিং প্রেস স্থাপনের উদ্দেশ্যে বর্তমান ম্যাগাজিনসকে লিজ দেওয়া হয়েছিল। পরে ২০০৫ সালে জমি বিনিময়ের মাধ্যমে সংস্থাটি সেক্টর-২-এর ডিকে-০৩ প্লটে ৩০.১৩৩৩৬৩১ কাঠা জমি পায়। সেখানে একটি ১০ তলা (G+10) বিল্ডিং গড়ে তোলা হয়েছে।

দফতরের দাবি, সম্প্রতি ২০ জুন সল্টলেক রিক্লেমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্কেলের আকস্মিক পরিদর্শনে দেখা যায়, ৭৭,১৪৬ বর্গফুটের ওই বহুতলের মধ্যে কেবলমাত্র গ্রাউন্ড ফ্লোর, প্রথম ও দ্বিতীয় তলায় আংশিকভাবে মুদ্রণ কার্যকলাপ চলছে। বাকি অংশে হয় অন্য ধরনের কার্যকলাপ চলছে, নয়তো তা ফাঁকা পড়ে রয়েছে। অথচ লিজ দেওয়া হয়েছিল শুধুমাত্র সংবাদপত্র ও প্রিন্টিং প্রেসের জন্য।

নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান ম্যাগাজিনস ২০১৮ ও ২০২৫ সালে যথাক্রমে ১৭ কোটি এবং ৩০ কোটি টাকার ঋণ নিয়েছিল। এই ঋণের জন্য সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রাখা হয়। প্রিন্টিং প্রেসের আধুনিকীকরণ ও ওয়ার্কিং ক্যাপিটালের নাম করে ওই ঋণ নেয় বর্তমান।

কিন্তু ওই ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে দফতরের কাছে কোনও স্পষ্ট তথ্য নেই। সরকারের অভিযোগ, সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রেখে ঋণ নেওয়ার পরও সেই সম্পত্তি অন্য উদ্দেশ্যে এবং অন্য সংস্থার নামে ব্যবহার করা হয়েছে, যা লিজ চুক্তির ২(৯) ধারার পরিপন্থী।

তদন্তে আরও উঠে এসেছে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সকে তৃতীয় তলায় অফিস চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি ২০২৫ সালে কনকর্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লুমিনা হেলথ সেন্টারের কাছে যথাক্রমে চতুর্থ ও সপ্তম তলার বড় অংশ ভাড়া দেওয়ার প্রস্তাবও জমা পড়েছিল। সেই প্রস্তাব বিবেচনার পর সরকার প্রায় ৭৫.৮ লক্ষ টাকার দাবি নোটিস জারি করলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে সংস্থা জানায়, ভাড়াটেরা ইউনিট ছেড়ে দিয়েছে। তবে সরকারের দাবি, ওই ইউনিটগুলি কিছু সময় অনুমোদন ছাড়াই ব্যবহৃত হয়েছে, যার ফলে অডিট আপত্তিও উঠেছে।

সবচেয়ে গুরুতর অভিযোগগুলির একটি হল, আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ২০২৩ সালের নভেম্বরে একটি লিজ চুক্তি করা হয়েছিল বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। সরকারের দাবি, এই চুক্তির জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পরবর্তীতে চুক্তি বাতিল এবং প্রাসঙ্গিক নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব মেলেনি। তদন্তে আরও দেখা যায়, পঞ্চম তলায় ‘আদিত্য বিড়লা ক্যাপিটাল’ নামে একটি সংস্থা কার্যকলাপ চালাচ্ছে। সরকারের মতে, এটি লিজ চুক্তির ২(৮) ধারার স্পষ্ট লঙ্ঘন।

নগরোন্নয়ন দফতরের বক্তব্য, লিজ চুক্তির ২(৭), ২(৮) এবং ২(৯) ধারার একাধিক লঙ্ঘনের প্রমাণ মিলেছে। তাই বর্তমান ম্যাগাজিনসকে তিন দিনের মধ্যে এই অনিয়ম দূর করতে এবং কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিসে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সল্টলেকের ওই জমির লিজ বাতিল করা হতে পারে এবং রাজ্য সরকার পুনরায় জমির দখল নেবে।

রাজ্যের নতুন সরকারের আমলে সংবাদপত্র সংস্থার বিরুদ্ধে এই ধরনের কঠোর পদক্ষেপ প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, বর্তমান ম্যাগাজিনস এই শোকজের কী জবাব দেয় এবং সরকার পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.