Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Lunar Eclipse দোলের সন্ধ্যায় চন্দ্রগ্রহণ! শেষ হয়েছে পূর্ণগ্রাস, বনগাঁর আকাশে উঁকি দিল আবছা রক্তচাঁদ! এর পর পূর্ণগ্রাস গ্রহণ কবে দেখা যাবে ভারত থেকে?

deshersamay

Share article:
হীয়া রায় , দেশের সময়

দোল পূর্ণিমার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের আকাশে চাঁদ বাকি পাঁচটা দিনের তুলনায় একটু অন্য রকম দেখা গেছে। দেখা গেল লালচে চাঁদ। তবে কলকাতা থেকে পুরোপুরি রক্তিম দেখাবে না চাঁদকে। মিশেল থাকবে লাল এবং হলুদ উভয় রঙেরই। এদিন সন্ধ্যায় যখন চাঁদ উঠল, তখনই দেখা গেছে লাল চাঁদ। সঙ্গে ছিল আবছা হলুদ ভাবও। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আকাশ থেকে ৯১ শতাংশ লাল দেখা গেছে চাঁদকে। হলদে ভাব ছিল প্রায় ৯ শতাংশ।

মঙ্গলবার ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে কলকাতা বা পশ্চিমবঙ্গের আকাশ থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায়নি। এখানে চাঁদ ওঠার আগেই পূর্ণগ্রাস হয়ে যায়। তবে গ্রহণ দেখা থেকে একেবারে বঞ্চিত থাকেনি পশ্চিমবঙ্গবাসী। পূর্ণগ্রাস গ্রহণ দেখতে না-পেলেও ‘ব্লাড মুন’ (রক্ত চাঁদ) দেখা গিয়েছে এ রাজ্যের আকাশেও।

বনগাঁয় ছবিটি তুলেছেন পার্থ সারথি নন্দী ।

পূর্ণগ্রাস শেষ হয়েছে বিকেল ৫টা ৩৩ মিনিটে। আর পশ্চিমবঙ্গে চাঁদ উঠেছে বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে। পুরো চাঁদ উঠতে লাগল প্রায় দেড় মিনিট।

ওই সময়ে কলকাতা-সহ রাজ্যের আকাশ থেকে চাঁদকে ৯১ শতাংশ লাল দেখা গেছে। তার পরে ধীরে ধীরে লালচে ভাব কমে আবছা হলদে থেকে উজ্জ্বল হলদে হতে শুরু করেছে চাঁদ। পূর্ণগ্রাস গ্রহণের সম্পূর্ণ পর্ব শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। তার পর আবার উজ্জ্বল হলুদ রঙেরই দেখাবে চাঁদকে।

মঙ্গলবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের একেবারে অল্প কিছু জায়গা থেকেই দেখা মিলেছে। পূর্ব ভারতের কিছু এলাকা থেকে সম্পূর্ণ পূর্ণগ্রাসের সাক্ষী থেকেছেন অনেকেই। যেমন অসমের তিনসুকিয়া, ডিগবয়ে চাঁদ উঠবে বিকেল ৫টা ১৩ মিনিটে। অর্থাৎ, পূর্ণগ্রাস শেষ হওয়ার আগেই সেখানে চাঁদ উঠে গেছে। ফলে ওই এলাকাগুলি থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখার সম্ভাবনা বেশি। তবে রাজস্থান, গুজরাতের মতো পশ্চিমের রাজ্যগুলিতে পূর্ণগ্রাস দেখার সম্ভাবনা নেই।

এর পরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে দু’বছর পরে। ২০২৮ সালের জুলাইয়ের আগে আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না ভারত থেকে। মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। সন্ধ্যা ৬টা ৪০ পর্যন্ত চলবে প্রচ্ছায়া। তখন মলিন দেখাবে চাঁদকে। এর পরে সন্ধ্যা ৬টা ৪৭ নাগাদ প্রচ্ছায়া থেকে বেরিয়ে যাবে চাঁদ। তার পরে ধীরে ধীরে চাঁদের একটা দিক উজ্জ্বল হতে থাকবে। শেষে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আবার উজ্জ্বল হয়ে উঠবে চাঁদ।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন