মিমি ২ কোটির মানহানির মামলা ঠুকতেই নতুন পদক্ষেপ!অভিনেত্রীর বিরুদ্ধে  বনগাঁ থানায় লিখিত অভিযোগ তনয় শাস্ত্রীর! 

0
206

বনগাঁকাণ্ডে এত দিন তিনি ছিলেন কাঠগড়ায়। শুক্রবার সেই তনয় শাস্ত্রী বনগাঁ থানায় মিমি চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন।

বনগাঁ থানায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বনগাঁ নয়া গোপালগঞ্জের তনয় শাস্ত্রী৷ শুক্রবার বিকেলে তিনি তাঁর বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানেই তিনি বলেন, “মিমি চক্রবর্তী আমাদের ক্লাবের অনুষ্ঠান করতে এসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ৷ তিনি সঠিক সময় না আসায় তাঁর সেই টাকা ফেরত চেয়েছি। পাশাপাশি তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার যে সামাজিক সম্মানহানি ঘটেছে তার জন্য ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে৷ জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে। আমি ন্যায্য বিচার অবশ্যই পাব, আর সেই দাবি নিয়েই আমি পুলিশ সুপারের অফিসে গিয়েছিলাম। বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমাদের অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে আমি কোনও অসম্মান করিনি। ওঁর মিথ্যে মামলার জন্য আমাকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে৷ তার বিচার আমি আদালত এবং প্রশাসনের কাছে চেয়েছি।”

তবে এ বিষয়ে সন্দেহপ্রকাশ করেছেন তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর সাফ দাবি, “আমার মক্কেল মিমি চক্রবর্তীর মতো তারকা নন। তাই তাঁর লিখিত অভিযোগ নিতেই চাইছিল না বনগাঁ থানার পুলিশ।”

প্রসঙ্গত উল্লেখ্য,২৫ জানুয়ারি বনগাঁ নয়া গোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে পারফর্ম করার সময় হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। সোশ্যাল মাধ্যমে এ বিষয়ে পোস্টও করেন তিনি। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন ক্লাব সদস্যরা। ক্লাব সদস্যদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের ঘন্টাখানেক বাদে মিমি চক্রবর্তী মঞ্চে আসেন। গান করেন। বারোটা পর্যন্ত তাঁদের অনুমতি ছিল অনুষ্ঠান করার।

অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন জানিয়ে বনগাঁ থানায় মিমি চক্রবর্তী ক্লাবের কর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান সেই রাতেই ৷ অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেফতার করেছিল। পুলিশের তরফে জানানো হয় তদন্ত করতে গেলে তনয় শাস্ত্রী সেই কাজে বাধা দেয়। তারপর থেকে অভিযুক্ত জেল হেফাজতে ছিলেন৷ মিমি চক্রবর্তী বনগাঁ মহকুমা আদালতে এসে গোপন জবানবন্দি দেন ৷ অভিযোগের ১৪দিন পর তনয় শাস্ত্রী জামিনে মুক্ত হন। তারপরে তিনি উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছিলেন৷ শুক্রবার তিনি ফের সেই ঘটনার তদন্ত চেয়ে বনগাঁ থানায় অভিযোগ জানালেন। 


অন্যদিকে এই বিষয়ে মিমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাঁর আপ্ত সহায়ক জানান, অভিনেত্রী তাঁর সম্মানহানির কারণে অভিযোগ জানিয়ে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছেন। এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। অনুষ্ঠানে দেরি করে যাওয়ার বিষয়টাও সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন। উল্টে জানান, তনয় শাস্ত্রী নাকি তাঁকে এক মদ্যপ ব্যক্তির মাধ্যমে খবর দিয়ে তাঁর বাড়িতে যেতে বলেন। যদিও সেই প্রস্তাব নাকচ করে দেন বলেই জানান অভিনেত্রী।

Previous articleবনগ্রামের বাঙাল শংকরের চিরস্থায়ী জায়গা বাঙালির হৃদয়ে
Next articleবাংলা আমার “মা” : রমন ভৌমিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here