Ahmedabad Plane Crashআমদাবাদে অভিশপ্ত বিমান দুর্ঘটনায় বেঁচে ফিরলেন একযাত্রী
deshersamay
আমেদাবাদের বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন এক যাত্রী। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানটির ১১এ আসনের যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন। ওই যাত্রীর নাম রমেশ বিশ্বাসকুমার।বিধ্বস্ত বিমানের সিট নম্বর ১১এ-তে বসা ওই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
আমদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “সিট ১১এ-তে বসা এক যাত্রীকে জীবিত পাওয়া গিয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এখনও কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু বিমানটি লোকালয়ে ভেঙে পড়েছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।”
বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। কিন্তু ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পড়ে।
A survivor found after Air India plane crashed in Ahmedabad.
— Justin J. Thomas (@Just_insync) June 12, 2025
RAMESH VISHWASKUMAR, SEAT 11A pic.twitter.com/m4CesrdFHs
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি আবার বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে প্রায় ৫০ জন চিকিৎসক থাকেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন ক্রু বা কর্মী। যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এবং ১৬৯ জন ভারতীয়।
