Sonia Gandhi শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ সনিয়া গান্ধী, ভর্তি করা হয় হাসপাতালে
deshersamay
শিমলায় ঘুরতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী । দ্রুত তাঁকে ভর্তি করা হয় শিমলারই এক হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। ফলে গান্ধী পরিবারে এই মুহূর্তে পরিবেশ উদ্বেগজনক।
বেশ কিছু সময় ধরেই অসুস্থ সনিয়া গান্ধী । এর মধ্যেই হাওয়া বদলের লক্ষ্য নিয়ে শিমলা বেড়াতে যান। জানা গিয়েছে, গত সোমবারই সেখানে গিয়েছেন তিনি। প্রিয়ঙ্কা গান্ধী বধরার বাগানবাড়িতে ছুটি কাটানোর পাশাপাশি কয়েকটি ধর্মীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনাও ছিল তাঁর। এসবের মধ্যেই শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রাক্তন লোকসভা সাংসদ সনিয়া গান্ধীর চিকিৎসায় একটি টিম গঠন করা হয়েছে। তাঁর এমআরআই করা হবে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতে পারেন বলেও খবর।
Congress Parliamentary Party chairperson Sonia Gandhi has been brought to Indira Gandhi Medical College & Hospital in Shimla for routine health check-up due to some minor health issues. Doctors are examining her. She is stable. Details awaited: Naresh Chauhan, Principal Advisor… pic.twitter.com/As7QsoWsNe
— ANI (@ANI) June 7, 2025
দ্রুত আরোগ্য কামনা করেছেন দলের সদস্যরাও।
গত ডিসেম্বর মাসে ৭৮ বছরে পা দিয়েছেন সনিয়া গান্ধী। শারীরিক অসুস্থতার জন্য নিয়মিত চিকিৎসার চলে তাঁর। দু’বার করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমান সময়ে আবারও করোনার প্রকোপ বাড়তে শুরু করায় সতর্ক রয়েছেন চিকিৎসকেরাও। তবে কংগ্রেস নেত্রীর ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
গত ফেব্রুয়ারি মাসেও রাজ্যসভার সাংসদকে দিল্লির পেটের কিছু সমস্যার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একদিন পরই ছুটি দেওয়া হয় তাঁকে। গত ২৭ মে শেষবার জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন সনিয়া গান্ধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছবিতে মাল্যদান করেছিলেন তিনি।
সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী ও তাঁর পুত্র এবং লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । তদন্তকারীদের দাবি ছিল, সনিয়া ও রাহুল ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’নামক সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক, যেটি বর্তমানে ন্যাশনাল হেরাল্ড চালায়। ইডির আরও অভিযোগ, রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীর অনুরোধে কংগ্রেসের বড় বড় নেতারা ওই সংস্থায় মোটা অঙ্কের অনুদান দিয়েছেন।
