বাগদায় পদ্মের পথে কাঁটা! নির্দল প্রার্থী দুলাল

0
10

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম বাগদা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণার দিনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের বিক্ষুব্ধ কর্মীরা। প্রথম দিনের প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় সোমাকে। পরে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিল করেন। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বর। মঙ্গলবার নির্দল প্রার্থী হিসেবে বাগদা থেকে মনোনয়ন জমা দিলেন দুলাল। তিনি প্রার্থী হওয়ায় বিজেপির ভোট ভাগাভাগির ফলে তৃণমূলের জয়ের পথ আরও মসৃণ হলো বলেই মত রাজনৈতিক মহলের।

বাগদার মানুষ এবং স্থানীয় বিজেপি কর্মীরা এ বার প্রার্থী হিসেবে ভূমিপুত্রের দাবি করেছিলেন। কিন্তু বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সেই দাবিকে গুরুত্ব না দিয়ে বাগদায় প্রার্থী করেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমাকে। বাগদার বিজেপি কর্মীদের দাবি, সোমাকে কোনও দিন বাগদায় আসতে দেখা যায়নি। এ দিন বিক্ষুব্ধ বিজেপি নেতা তথা বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর বনগাঁর এসডিও অফিসে এসে নির্দল প্রার্থী হিসেবে বাগদা কেন্দ্র থেকে নমিনেশন জমা দিয়েছেন।

দুলাল বলেন, ‘বাগদার মানুষ এবং বিজেপি কর্মীদের দাবিকে সম্মান জানিয়ে আমি নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিয়েছি। আমি আর আগের ভুল করব না। বাগদা থেকে জয়ী হয়ে আগামী পাঁচ বছর নির্দল বিধায়ক হয়েই মানুষকে পরিষেবা দেব।’ বিজেপির বনগাঁ জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘দুলাল বর আগে তৃণমূলে ছিলেন। এখন উনি বিজেপিতে থাকলেও তৃণমূলের কালচার ছাড়তে পারেননি। ওঁর প্রার্থী হওয়া বিজেপির জয়ের ক্ষেত্রে কোনও বাধা হবে না।’

তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর বলেন, ‘আমি প্রচার নিয়ে ব্যস্ত আছি। বিজেপির কে প্রার্থী হলো কিংবা কোন বিক্ষুব্ধ নেতা নির্দল হয়ে নমিনেশন দিল, সেটা নিয়ে ভাবার সময় নেই।’

Previous articleভোটের আগে বন্দিদের প্যারোলে মুক্তি বন্ধ, জেলে চলবে ‘সারপ্রাইজ চেক’,সংশোধনাগারে কড়া নজরদারি কমিশনের!
Next articleমিছিল করে মনোনয়ন পেশ করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here