প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শুক্রবারই ৭ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, প্রায় ২০ জনের হাতে সরাসরি চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

‘পশ্চিমবঙ্গ আবাস’  প্রকল্পের আওতায় শুক্রবার আরও ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠাতে চলেছে রাজ্য সরকার । সূত্রের খবর, নবান্ন সভাঘরে প্রায় ১৫০ জন উপভোক্তা উপস্থিত থাকবেন এবং তাঁদের মধ্যে ১৫ থেকে ২০ জনের হাতে সরাসরি চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র বরাদ্দ বন্ধ করে দেওয়ার পর পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব কোষাগার থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছিল। ওই প্রকল্পে মোট ৩০ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তার আওতায় আসেন। এর মধ্যে ১২ লক্ষ উপভোক্তা বিগত সরকারের আমলেই দু’দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়ে গিয়েছিলেন। বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পরই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় এবং ক্ষমতার পালাবদল ঘটে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়। নতুন সরকারের আমলে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার আরও ৭ লক্ষ মানুষ সেই অর্থ পেতে চলেছেন।

আবাসের টাকার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থির হয়েছে, ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার অধীনে যাঁদের বাড়ি তৈরির কাজ চলছে এবং যাঁদের বৈধ জবকার্ড রয়েছে, সেই সমস্ত উপভোক্তাকে ‘জিরামজি’ প্রকল্পের আওতায় সর্বাধিক ৯০ দিনের শ্রমদিবসের মজুরি দেওয়া হবে।

এর আগেও বলা হয়েছিল যে, উপভোক্তারা যখন নিজেদের বাড়ি তৈরি করেন, তখন তাঁরা নিজেরাও কায়িক শ্রম দেন, কিন্তু তার বিনিময়ে কোনও পারিশ্রমিক পান না। তাঁদের সেই শ্রমকে স্বীকৃতি দিতেই কেন্দ্রের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের নির্ধারিত হারেই মজুরি পাবেন উপভোক্তারা। সম্প্রতি পঞ্চায়েত ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠকে কাজের গতি বাড়ানো এবং জিরামজিতে আরও বেশি কর্মদিবস তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ভুয়ো উপভোক্তাদের কড়া নির্দেশ
অন্যদিকে, বিগত সরকারের আমলে আবাস যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়া গিয়েছে। ওই উপভোক্তাদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে জানুয়ারি মাসেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন তিনি। আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে এই কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন