প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘নিজেকে তো বুদ্ধিমান মনে করেন, কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন জজ তৃণমূলের? তালিকা দিন’, অভিষেককে ভর্ৎসনা হাইকোর্টের

deshersamay

Share article:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে রাজ্য। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাতে আদালতে রাজ্য পাল্টা বলে,  অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পট হওয়া উচিত! রাজ্যের বক্তব্য, রাজনৈতিক লড়াই চলতে পারে কিন্তু বিচার ব্যবস্থাকে টেনে আনা উচিত নয়।  অভিষেকের ফেসবুক পেজ ভিডিয়ো তুলে ধরা হল আদালতে।

বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এবার মমতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
কলকাতা হাইকোর্টে বড় অভিযোগ রাজ্য সরকারের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে যে, বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার দায়ে অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননা বা ‘ক্রিমিনাল কনটেম্পট’ -এর মামলা শুরু করা উচিত। রাজ্যের আইনজীবী আদালতে সওয়াল করেন যে, রাজনৈতিক আঙিনায় লড়াই চলতেই পারে, কিন্তু সেই লড়াইয়ের মধ্যে কোনওভাবেই দেশের বিচারব্যবস্থাকে টেনে আনা উচিত নয়।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক নিজের ফেসবুক পেজ এবং বিভিন্ন মাধ্যমে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে পুলিশি রেইকি ও নজরদারির অভিযোগ তুলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। রাজ্যের অভিযোগ, সেই ভিডিওতে সাংসদ এমন কিছু মন্তব্য ও অভিযোগ করেছেন, যা সরাসরি দেশের বিচারব্যবস্থা ও আদালতের মর্যাদাকে চ্যালেঞ্জ জানায়। সেই বক্তব্যের প্রেক্ষিতেই রাজ্যের তরফে এদিন হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করা হয়।

অন্যদিকে, এদিনের শুনানিতে মমতা তৃণমূল নেতার নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলাটির রায়দান স্থগিত রাখলেও, বিচারব্যবস্থা নিয়ে সাংসদের বক্তব্যের জেরে এজলাসে তীব্র বাদানুবাদ তৈরি হয়। শুনানি চলাকালীন সাংসদের আইনজীবী আদালতে জানান যে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেখানেও চাপ রয়েছে বলে মনে হচ্ছে এবং নিরাপত্তার মামলাটি যাতে না হয় তার চেষ্টা চলছে।

তিনি সাংসদের বক্তব্যের সূত্র ধরে আদালতে প্রশ্ন তোলেন যে, আদানির মামলা করলে একদিনে শুনানি হয়ে যাচ্ছে, অথচ তাঁর মক্কেলের মামলা তিন মাস ধরে ঝুলে রয়েছে এবং বিচারপতিদের একটি অংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন বলেও মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং রাজনৈতিক কর্তাদের নির্দেশেই একজন বর্তমান সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন অভিষেকের আইনজীবী।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই চরম অসন্তোষ প্রকাশ করে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি অভিষেকের আইনজীবীকে সরাসরি নির্দেশ দিয়ে বলেন যে, কোন কোন বিচারপতি বিজেপির এবং কোন কোন বিচারপতি তৃণমূলের, তার একটি পূর্ণাঙ্গ তালিকা যেন আদালতে পেশ করা হয়। বিচারপতি কড়া সুরে মন্তব্য করেন, ‘‘আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে, আমি তা দেখে নেব।’’

নিরাপত্তা মামলায় রায়দান স্থগিত রাখার পাশাপাশি সাংসদের মন্তব্য ঘিরে বিচারপতির এই কড়া পর্যবেক্ষণ রাজ্য রাজনীতি ও আইনি মহলে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন