লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ,গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন কলকাতার হাসপাতালে
deshersamay
বেশ কিছুদিন ধরেই চলছিল মৃত্য়ুর সঙ্গে লড়াই। একে একে বিকল হয়ে পড়ছিল একের পর এক অঙ্গ। বুধবার সন্ধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই বর্ষীয়ান নেতার জন্য় উদ্বেগ প্রকাশ করছিলেন দলের নেতারা।
গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। হৃদ্যন্ত্রের সমস্যার কারণে অস্ত্রোপচার হয় তাঁর। প্রায় ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিডনি বিকল হয়ে যাওয়ায় তাঁর ডায়ালিসিসও শুরু হয়েছিল।
বাইপাস সার্জারি বা অস্ত্রোপচারের পর তাঁর মস্তিষ্কে স্ট্রোক হয়। এরপর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। একে একে নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ (UTI) এবং সেপটিক শকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হন তিনি। শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার উপক্রম হওয়ায় তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। শেষরক্ষা আর হল না, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন নদিয়ার এই প্রবীণ নেতা
কৃষ্ণনগর দক্ষিণের তিন বারের বিধায়ক ছিলেন উজ্জ্বল বিশ্বাস। ২০১১,২০১৬, ২০২১ বিধানসভায় তিনি জেতেন। ২০২৬-এ বিজেপির কাছে পরাজিত হন। মমতার জামানায় মন্ত্রী ছিলেন তিনি। গত জুন মাসে ত্রান সামগ্রী চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলায়। তাঁর বাড়িতে পুলিশ হানা দেয়। বাড়িতে ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। যদিও ৩০ জুন তিনি জামিনে মুক্তি পান, তবুও অন্য একটি মামলায় তাঁকে ফের গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ৪৯ দিন একটানা জেলবন্দি থাকার পর গত ২৮ জুলাই শর্তসাপেক্ষে জামিন পান তিনি।
দলীয় সূত্রের খবর, জেল থেকে বেরিয়ে আসার পরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই নেতা এবং তখনই তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৫ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি (Bypass Surgery) সম্পন্ন হয়। কিন্তু অস্ত্রোপচারের ঠিক পরের দিনই তিনি সেরিব্রাল অ্যাটাক বা মস্তিষ্কে স্ট্রোকের শিকার হন। প্রায় ১৪ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর তিনি হাসপাতাল থেকে ছুটির অনুমতি পান। এর পর থেকে কলকাতার বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি; দুর্গাপুজোর পঞ্চমীর দিন তিনি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব।
